লোকালয়ে বনের হরিণ

বন থেকে বের হয়ে লোকালয়ে গিয়েই জনতার হাতে ধরা পড়ল একটি চিত্রা হরিণ। ওজন ৫০ কেজির মতো। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
উপকূলীয় বনে বিচরণের পর আজ বৃহস্পতিবার সকালে হরিণটি উত্তর বাঁশবাড়িয়া এলাকায় ঢোকে। স্থানীয় বাসিন্দা আবুল হাশেম, রহিমসহ বেশ কয়েকজন হরিণটিকে ধাওয়া করে। এ সময় হরিণটি দৌড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। তবে পথে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে হরিণটিকে জীবিত আটক করে স্থানীয় বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরকে জানান।
ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বিষয়টি উপকূলীয় বন বিভাগের কর্মকর্তাদেরকে জানানো হয়েছে। তাঁদের কাছে হরিণটিকে হস্তান্তর করা হবে। হরিণটি ইউপি কার্যালয়ে রয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান জানান, হরিণটি উপকূলীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে চেয়ারম্যান তাঁকে জানিয়েছেন।
তবে উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেননি এবং এ বিষয়ে কথা বলতে চাননি।