লোকালয়ে বন্য হাতির দল ছয় মাসে নিহত ৪
বন উজাড় ও খাদ্যসংকটের কারণে বন্য হাতি লোকালয়ে এসে পড়েছে। মানুষের বাগানের ফল, সবজি ও ধান খেয়ে ফেলাসহ বাড়িঘর ভেঙে ফেলছে। হাতির আক্রমণে গত ছয় মাসে চারজন নিহত ও কমপক্ষে ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. ছানাউল্লাহ পাটোয়ারী গত ছয় মাসে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে একজনের ক্ষতিপূরণের টাকা পাওয়া গেছে। অবশিষ্ট তিনজনের বিষয়ে তথ্যে কিছু ভুল থাকার কারণে দেরি হচ্ছে। আর জমির মালিকানার কাগজ দিতে না পারায় বাগানবাগিচা ও ফসলের ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না।বিভাগীয় বন কর্মকর্তা বলেন, যেসব এলাকায় হাতি আসছে, সেসব এলাকা আগে ছিল হাতির বিচরণক্ষেত্র। হাতির বিচরণক্ষেত্র সচরাচর ৫০ থেকে ১০০ কিলোমিটার হয়। কিন্তু তা কমে যাওয়ায় হাতি খাবার, নিরাপত্তা ও প্রজনন নিশ্চয়তার অভাবে ভুগছে। হাতি রক্ষা করতে হলে বনায়ন ও সামাজিক উদ্যোগ দরকার। তবে ভাসান্যা আদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিনের দাবি অনুযায়ী, এ সময় এক শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। তাঁরা হলেন: আবদুর রহিম (৫৫), মর্জিনা (১০), হাফিজ রহমান (৬৫), মো. খোরশেদ (৩০), সৈয়দ আহমেদ (৬০), আবদুল খালেক ও চান মিয়া। কুরকুটিছড়া চাক্কুতলী এলাকার লাইলি বেগম (৩২) বলেন, ‘১৮ আগস্ট রাতে আমাদের বাড়ির পাশের টিলায় একদল হাতি আসার খবর পেয়ে রাত হওয়ার আগে তিন ছেলেমেয়েসহ অন্য স্থানে চলে যাই। পরে ওই রাতে হাতির দল এসে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আমার স্বামী ও বড় ছেলে দৌড়ে নৌকায় উঠে অল্পের জন্য রক্ষা পায়। তবে বাড়ির আসবাব, তৈজসপত্র কিছুই রক্ষা পায়নি।’মংহ্লা রাখাইন জানান, তিনি প্রায় ১০ একর জায়গায় আনারসের বাগান করছেন। ১৭ আগস্ট হাতির দল এসে ওই বাগানের কমপক্ষে দেড় থেকে দুই হাজার আনারসের চারা নষ্ট করে দিয়ে যায়। লংগদু উপজেলার ভাসান্যা আদাম ইউনিয়নের চেয়ারম্যান ও বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা জানান, হাতির হামলায় নিহত, আহত ও অন্যান্য ক্ষয়ক্ষতির তালিকা বন বিভাগকে দেওয়া হয়েছে। কিন্তু ক্ষতিপূরণের টাকা কেউ পাননি।