লোকালয়ে বাঘ আতঙ্ক, রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘ-আতঙ্কে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে গ্রামবাসী। গত এক সপ্তাহে উপজেলায় বাঘের আক্রমণে চার জেলে নিহত, দুই জেলে আহত এবং কয়েকবার বাঘ লোকালয়ে ঢোকার চেষ্টা করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বন বিভাগ ও গ্রামবাসীর পক্ষ থেকে শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে দল গঠন করে রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।সুন্দরবনসংলগ্ন গ্রাম হরিনগর এলাকার আয়ুব আলী, মুন্সিগঞ্জ ইউপি সদস্য করুণা রানী মণ্ডল, বুড়িগোয়ালিনী গ্রামের আনছার আলীসহ কয়েকজন জানান, এক সপ্তাহ ধরে শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। ইতিমধ্যে কয়েকবার সুন্দরবনের নদী পেরিয়ে বাঘ লোকালয়ে ঢোকার চেষ্টা করে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে বাঘ বনের ভেতর চলে গেছে। এদিকে, গত তিন বছরে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন থেকে লোকালয়ে ঢোকা তিনটি বাঘ গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সূত্র জানায়, শ্যামনগরের মীরগাঙ গ্রামের হরিপদ মণ্ডল (৪৫) ১৭ মে মীরেরখালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন। ১৬ মে একই উপজেলার যতীন্দ্রনগর গ্রামের নাছিমা খাতুন সুন্দরবনের চুনকুড়িতে বাঘের আক্রমণে নিহত হয়। ১৫ মে দাঁতনেখালি গ্রামের মুজিবর গাজী (৪৫) সুন্দরবনের চুনা নদীতে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে নিহত হন। সুন্দরবনের খোলপেটুয়া নদীর কেয়াখালী খালে মাছ ধরার সময় ১৪ মে বুড়িগোয়ালিনী গ্রামের সবিরউদ্দিন গাজী (৪৫) বাঘের আক্রমণে নিহত হন।উপজেলার মুন্সিগঞ্জের ট্রলার মাঝি আলমগীর হোসেন, মুন্সিগঞ্জ ইউপি সদস্য মুজিবুর রহমান গাজী জানান, বাঘের আতঙ্কে সন্ধ্যার আগে অধিকাংশ মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের উদ্যোগে শ্যামনগরের মুন্সিগঞ্জ, ভেটখালী, চুনকুড়ি, হরিনগর, মৌখালি, সরদারবাড়ি, কালীনগর, দাঁতনেখালি, টেংরাখালী, যতীন্দ্রনগর, বুড়িগোয়ালিনী ও পোদখালী গ্রামে পাহারা দিতে দল গঠন করা হয়েছে।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত সপ্তাহ থেকে সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের আনাগোনা দেখা যাচ্ছে। বাঘের আক্রমণে প্রায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে কয়েক দফা বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে ঢোকার চেষ্টা করেছে। বন বিভাগের সদস্য ও এলাকার লোকজনের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল রাত জেগে পাহারা দিচ্ছে। এলাকায় মাইকিংও করা হচ্ছে।সুন্দরবন (পশ্চিম) বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, বাঘের উপদ্রব বাড়ায় কদমতলা, কৈখালি ও বুড়িগোয়ালিনী স্টেশন থেকে সব ধরনের পাস (অনুমতি) দেওয়া সাময়িক বন্ধ রাখা হয়েছে।