লোকালয়ে বিপন্ন লজ্জাবতী বানর

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় থাকা বিপন্ন লজ্জাবতী বানর ধরা পড়েছে চট্টগ্রামের রাউজানে। গত সোমবার রাতে চট্টগ্রামের রাউজানের ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ ছোবাহানের বাড়ি থেকে স্থানীয় লোকজন বানরটি উদ্ধার করে। বানরটি বর্তমানে উপজেলার একটি বেসরকারি চিড়িয়াখানায় রাখা হয়েছে।
বাদামি রঙের ঘন পশমযুক্ত বানরটির উচ্চতা এক ফুট, লম্বায় প্রায় দেড় ফুট। চোখ দুটি গোল, দেখতে বিড়ালের মতো ঘোলাটে। ধরা পড়ার পর থেকে লজ্জাবতী বানরটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, সোমবার রাত নয়টার দিকে একটি সুপারিগাছ থেকে স্থানীয় কয়েকজন যুবক বানরটি ধরেন। পরে বাজার থেকে লোহার খাঁচা কিনে এনে বানরটি রাখা হয়।
বানরটি যাঁরা আটক করেছেন তাঁদের একজন ইমরান হোসেন বলেন, ‘আমরা খাঁচা কিনে বানরটিকে রেখেছি। বিভিন্ন প্রকার খাবার দিলেও প্রাণীটি শুধু কলা খেয়েছে। মঙ্গলবার বানরটিকে বেসরকারি মিনি চিড়িয়াখানা গিরিছায়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, লজ্জাবতী বানর লাজুক বানর হিসেবেও পরিচিত। এদের বেঙ্গল স্লো লরিস হিসেবেও ডাকা হয়। এটি লরিসিডি পরিবারের বানর প্রজাতির একটি অতিবিপন্ন প্রাণী। বিপন্ন এই প্রাণীটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এটি বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত প্রাণী।
ঢাকার মালিবাগে অবস্থিত বাংলাদেশ লজ্জাবতী বানর গবেষণা ও সংরক্ষণ প্রকল্পের প্রধান গবেষক হাসান আল রাজি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের রাউজানে একটি লজ্জাবতী বানর ধরা পড়েছে বলে আমরা খবর পেয়েছি। এটি খুবই বিরল প্রাণী। বুধবার সকালের মধ্যে আমদের একটি দল রাউজানে যাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, লজ্জাবতী বানর দেশের ১০টি অতিবিপন্ন প্রাণীর তালিকায় ১ নম্বরে আছে। এটি স্লো লরিস (স্থানীয় নাম লজ্জাবতী বানর) নামে পরিচিত। এই দুর্লভ প্রাণী আজকাল দেখা যায় না। খাবারের সন্ধানে এটি লোকালয়ে এসেছে।
বন বিভাগের রাউজান উপজেলা বন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, লজ্জাবতী বানর পাওয়া গেছে বিষয়টি তাঁকে কেউ জানায়নি। এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে। বন বিভাগের অনুমতি ছাড়া বন্য প্রাণী রাখার কোনো নিয়ম নেই।