লোকালয়ে মমতায় ‘মুখ পোড়া হনুমান’
গ্রামের ধানখেতের আইলে ১০-১৫ দিন আগে একটি ‘মুখ পোড়া হনুমান’ দেখে শিশু-কিশোরের দল এটির পিছু ছুটতে থাকে। বেচারা হনুমান পাশের কড়ইগাছের মগডালে আশ্রয় নেয়। গাছের নিচ থেকে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে শিশু-কিশোরেরা। একপর্যায়ে কৌতূহলী বড়রা এসে বন্য প্রাণীটি চিনতে পেরে শিশু-কিশোরদের বুঝিয়ে সরিয়ে দেন। সেই থেকে হনুমানটি ওই এলাকাতেই অবস্থান করছে। লোকজনও মমতায় তাকে আগলে রেখেছে। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের।এলাকাবাসীর ধারণা, খাবারের খোঁজে হনুমানটি লোকালয়ে এসেছে। পাশের পুঁটিছড়া সংরক্ষিত বন থেকে এটি এসে থাকতে পারে।গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ভবানীপুরে গিয়ে দেখা গেছে, গাছপালায় ভরা বড়বাড়ির একটি আমগাছের ডালে হনুমানটি ঝুলছে। এটির উচ্চতা প্রায় তিন ফুট ও লেজসহ দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। মানুষের পায়ের আওয়াজ পেলেই লম্বা লেজ নেড়ে দূরের গাছে লাফ দেয় সে। অনেক চেষ্টা করে তার ছবি ক্যামেরাবন্দী করা হয়।বড়বাড়ির বাসিন্দা ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিলাদ চৌধুরী জানান, খেতের আলু, শিম, হরীতকী ও আমড়া খেতে খুব পছন্দ করে হনুমানটি। অনিষ্ট করায় কয়েকজন লোক এটিকে গুলি করে মেরে ফেলতে চায়। পরে বোঝালে তারা আর এ কাজ করেনি। এখন সবাই তাকে (হনুমান) ভালোবাসে।একই বাড়ির বাসিন্দা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস শহীদ চৌধুরী জানান, মানুষ বন-জঙ্গলের সর্বনাশ করে ফেলেছে। বন্য প্রাণীরা খাবার পাচ্ছে না বনে। তাই ক্ষুধার তাড়নায় এখানে (লোকালয়) চলে এসেছে হনুমানটি।বন্য প্রাণী বিশেষজ্ঞ শরীফ খান বৃহস্পতিবার বন্য প্রাণীটির ছবি দেখে প্রথম আলোকে জানান, এটি মুখ পোড়া হনুমান। মুখ পোড়ার মতো হওয়ায় এটিকে মুখ পোড়া হনুমান বলা হয়। এটি বিপন্নপ্রায়। বছরে একটা বাচ্চা দেয়। গাছের পাতা ও ফলমূল খেয়ে এরা বেঁচে থাকে। মাটিতে খুব একটা নামে না। গাছের খোঁড়লে জমা হওয়া পানি পান করে। জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এ এস এম হারুন জানান, খবর পেয়ে তিন-চার দিন আগে তিনি ভবানীপুরে গিয়ে হনুমানটি দেখে এসেছেন। এটিকে না মারতে বা বিরক্ত করতে তিনি লোকজনকে বুঝিয়েছেন।