লোকালয়ে হনুমান, ঢিল লেগে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে জনরোষে পড়ে একটি হনুমান আহত হয়েছে। গাছের ফলমূল খাওয়ায় কয়েক দিন ধরে হনুমানটিকে তাড়া করছেন এলাকাবাসী। তাঁদের ছোড়া ইট মাথায় লেগে হনুমানটি আহত হয়েছে। এলাকাবাসীর কয়েকজন জানান, কিছুদিন আগে নাজিরাবাদ ইউনিয়নে একটি হনুমান লোকজনের চোখে পড়ে। এলাকায় নতুন প্রাণী দেখে কৌতূহলী শিশুসহ নানা বয়সের লোকজন প্রাণীটির পিছু লাগে। শিশুরা আনন্দ পেয়ে কারণে-অকারণে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। এদিকে এলাকার লোকজন তাঁদের গাছের কাঁচা আম, কাঁচা কাঁঠালসহ বিভিন্ন ফসল খেয়ে ফেলছে বলে হনুমানটিকে ঢিল ছুড়ছেন ও এটিকে নানাভাবে তাড়া করছেন। চার-পাঁচ দিন ধরে এটি নাজিরাবাদ ইউনিয়নের যতরপুর গ্রামের গাছের উঁচু ডালে আশ্রয় নিয়েছে। হনুমানটির মাথায় ঢিল লেগে ক্ষত থেকে রক্ত ঝরেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাসাহিদ মিয়া গতকাল জানান, কিছুদিন ধরে হনুমানটিকে এলাকায় দেখা যাচ্ছে। ফসল খেয়ে ফেলছে বলে লোকজন হনুমানটিকে তাড়া করছেন। তাড়া খেয়ে এখন হাইল হাওরের পাশে যতরপুর এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে হনুমানটি। ঢিল পড়ে হনুমানটির মাথা ফেটে গেছে। তিনি আরও জানান, প্রাণীটির মুখের কালো রং দেখতে চশমার মতো। লেজ প্রায় দু-তিন হাত লম্বা। ওজন আনুমানিক ২০-২২ কেজি হবে। এটি গাছের উঁচু ডালে বসে। তাড়া করলে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে চলে যায়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (মৌলভীবাজার) রেঞ্জার মো. ইমাম উদ্দিন গতকাল বলেন, ‘হনুমানের খবর পেয়েছি। আমরা এলাকায় যাব। কোনোভাবে এটিকে নিয়ে আসার চেষ্টা করব।’