লোকালয়ে ৩০ ইটভাটা!
বগুড়া শহরে যানবাহনের কালো ধোঁয়া আর শব্দ দূষণের সঙ্গে যোগ হওয়া ইটভাটার কালো ধোঁয়া শহরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। পৌর এলাকায় কোনো ইটভাটা না থাকার আইন থাকলেও তিনটি ওয়ার্ডে ৩০টি ইটভাটা রয়েছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, পৌরসভার যেসব ওয়ার্ডে ইটভাটা রয়েছে, সেসব এলাকায় একসময় ধান বা সবজির ব্যাপক চাষ হলেও বর্তমানে ফলন কম হচ্ছে। পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের বেতগাড়ি, সুজাবাদ, গণ্ডগ্রাম এলাকায় ১২টি ইটভাটা রয়েছে। এ ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, পৌর এলাকার মধ্যে ইটভাটা থাকবে কি না, তা তাঁর জানা নেই। এসব ইটভাটা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। ইটভাটার ধুলোবালির কারণে এখানকার মানুষের সর্দি-কাশি লেগেই থাকে।পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের এলাকার মধ্যে বেজোড়া, মাদলা, নিশ্চিন্তপুর, ঢাকন্তা এলাকায় আটটি ইটভাটা রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস বলেন, পৌর এলাকায় ইটভাটা থাকবে কি না, তা তাঁর জানা নেই।২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম ও এর আশপাশের এলাকায় আটটি ইটভাটা রয়েছে। এ ছাড়া পৌর এলাকার আরও তিনটি ইটভাটা রয়েছে। চাঁচাইতারার চাষি আলাল মিয়া ও ভাটকান্দি গ্রামের চাষি সুলতান আলী বলেন, ‘হামাগোরে এলাকাত ধান কম হয় ইটভাটার জন্য।’ শাকসবজি, বেগুন, কলা, করলা প্রভৃতির চাষ ১০ বছর আগে যেভাবে হতো, সেভাবে হয় না। ইটভাটার কারণে আপেল কুলের চাষ বন্ধ করে দিয়েছেন এলাকার চাষিরা।বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক কৃষিবিদ এ কে এম জাকারিয়া বলেন, ‘এক এলাকায় অনেক ইটভাটা থাকলে ওই এলাকায় কার্বনের মাত্রা বেড়ে যায়, যে কারণে তাপমাত্রাও বাড়ে, যা পরিবেশের ওপর প্রভাব ফেলে। পৌর এলাকায় এখনো এসব ইটভাটা কেমন করে রয়েছে, তা প্রশাসনের দেখা উচিত।’বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম হোসেন বলেন, ইটভাটার ধোঁয়ার কারণে বিভিন্ন গাছের ফলন কমে গেছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কৃষিজমিও কমে যাচ্ছে।শাজাহানপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার এমদাদ হোসেন জানান, প্রতিদিন ওই এলাকার যেসব রোগী আসে, তাদের মধ্যে অধিকাংশই চর্ম, শ্বাসকষ্ট, এলার্জি-জনিত রোগের। তাদের মধ্যে শিশু ও মহিলা বেশি।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক নাজমুল হক বলেন, ‘আইনের ৫ ধারায় আছে, অবৈধ এলাকায় যেসব ইটভাটা রয়েছে, গেজেট হওয়ার পর তা এমনিতেই উঠে যাবে। ২০০২ সালে এই গেজেট হয়েছে। কিন্তু এখনো এসব উচ্ছেদ হয়নি। প্রশাসন বা পৌরসভা থেকে এসব করার কথা।’বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান জানান, জনবলের অভাবে এসব ইটভাটা সরানোর কাজ করা যায়নি। এসব ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।