লোকালয়ে ৯ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে লোকালয়ে গড়ে উঠছে অবৈধ ইটভাটা। লোকালয়ে ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাঁচ বছর ধরে এমন নয়টি ইটভাটা ব্যবসা চালিয়ে আসছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ভাটায় ইট পোড়ানোর কাজ চলছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযানও চালানো হচ্ছে না।
উপজেলা প্রশাসন ও ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, বাগমারায় ৩০টি বৈধ ইটভাটা রয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটা রয়েছে নয়টি। ভ্যাট না দিয়ে ও পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধ এই ভাটাগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। লোকালয় ও কৃষিজমির পাশে গড়ে ওঠা এই ইটভাটাগুলোর অবস্থান উপজেলার আউচপাড়া, গোবিন্দপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা, সুজনপালশা, মাড়িয়া, খুজিপুর এলাকায়। একটি ভাটা থেকে অপর ভাটার দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। বাইগাছা থেকে সুজনপালশার তিন কিলোমিটারের মধ্যে রয়েছে দুটি ইটভাটা। সব মিলিয়ে ১০ কিলোমিটারের মধ্যেই এই ভাটাগুলোর অবস্থান। এসব ভাটায় নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করায় গাছপালাসহ পরিবেশের ক্ষতি হচ্ছে। এ ছাড়া কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।
১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, লোকালয় বা বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না।
পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে ওইসব ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহারের তথ্য রয়েছে। এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। তাদের চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ইটভাটাগুলো অবৈধ হওয়ায় সমিতির তালিকাভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে গোপনে ভাটাগুলোতে ইট তৈরি হচ্ছে।
অবৈধ ইটভাটার মালিক উকিল চান এ প্রতিবেদকের কাছে বাঁশ ও কাঠ পোড়ানোর কথা স্বীকার করেছেন। আফসার আলী, আমিনুল ইসলামসহ অবৈধ ইটভাটার কয়েকজন মালিক জানান, এই নয়টি ভাটায় প্রতি বছর এক কোটিরও বেশি ইট তৈরি করা হয়। শুধু ভ্যাট বাবদ সরকার প্রতি বছর সাড়ে ২২ লাখ টাকা বঞ্চিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম বলেন, তিনি ওই সব ভাটা সম্পর্কে কিছু জানেন না। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।