মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আড়াই বছর আগে সারা দেশের মতো পাবনার বেড়া উপজেলায় মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার কার্যক্রম চালু হয়। কিন্তু এ সেবা সম্পর্কে মানুষের ধারণা না থাকায় তা কোনো কাজে আসছে না। কোনো রকম প্রচার না থাকায় উপজেলা সদর তো বটেই, চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার লোকজনের কাছে এই সেবা কার্যক্রমটি এখনো অজানাই রয়ে গেছে।জানা গেছে, ২০০৯ সালের মে থেকে সরকার দেশের ৪১৮টি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল ও কমপ্লেক্সে একটি করে মুঠোফোন দেওয়া হয়। নিয়মানুযায়ী একজন মেডিকেল কর্মকর্তার রাত-দিন চব্বিশ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনগণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। ফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন ও প্রচারের সরকারি নির্দেশনা রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মাধ্যমে জনগণকে নম্বরটি জানাতে বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচার বা প্রদর্শনে উদ্যোগী না হওয়ায় মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যকর হয়নি। জনস্বাস্থ্যসেবা নয়, মূলত ফোনটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে মুঠোফোনটি দেওয়া হয়েছে সেটির নম্বর ০১৭৩০৩২৪৬৯০। নিয়মানুযায়ী মুঠোফোনটি চব্বিশ ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকার কথা এবং সেখান থেকেই চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা ও পরামর্শ দেওয়ার কথা। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা প্রহ্লাদ কুমার বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকলেও চিকিৎসাসেবা নেওয়ার জন্য কাউকে খুব একটা ফোন করতে দেখি না।’ সরেজমিনে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগেরই এ ধরনের সেবা সম্পর্কে কোনো ধারণা নেই। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাঁদ প্রামাণিক বলেন, ‘আমি ইউপি চেয়ারম্যান হয়েও মোবাইল ফোনের এই চিকিৎসাসেবা সম্পর্কে জানি না। সেখানে আমার ইউনিয়নের সাধারণ মানুষ, বিশেষ করে চরাঞ্চলের মানুষ এর সম্পর্কে জানবে কী করে? এই সেবা সম্পর্কে কোনো রকম প্রচার না থাকার কারণেই এমন অবস্থা হয়েছে। অথচ যতটুকু জানলাম, তাতে ঠিকমতো প্রচার পেলে এর মাধ্যমে আমার ইউনিয়নের চরের মানুষ খুবই উপকার পেতে পারে।’নতুনভারেঙ্গা ইউনিয়নের চর এলাকায় অবস্থিত আগবাগসোহা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমোদ আলী বলেন, ‘বেড়ার ব্যাপক অংশ চরাঞ্চল নিয়ে গঠিত। চরের প্রায় প্রতি ঘরেই এখন মুঠোফোন রয়েছে। চিকিৎসার জন্য চরবাসীর হয় হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, নয়তো উত্তাল যমুনা পাড়ি দিয়ে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে উপজেলা সদরে যেতে হয়। অথচ মুঠোফোনের এই চিকিৎসাসেবার কথা জানা থাকলে চরবাসী এর মাধ্যমে জরুরি মুহূর্তে চিকিৎসা ও পরামর্শ পেতে পারে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক চন্দ্র সাহা বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ইলেকট্রনিক ডিসপ্লের মাধ্যমে ফোন নম্বর উল্লেখসহ এই সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া আমার জানা মতে, আর কোথাও এই সেবা সম্পর্কে প্রচারের বা জানানোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কর্মসূচিটি চালু আছে। সফল বলা যাবে না।’