ডেইলি স্টার-এর রেজাউল করিম লোটাস এবং আমার দেশ পত্রিকার বশীর আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিকাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। ২০১২ সালের জন্য ডিকাব নির্বাহী কমিটিতে সমকাল-এর আবদুল মজিদ (সহসভাপতি), নিউ এজ-এর সাহিদুল ইসলাম চৌধুরী (যুগ্ম সম্পাদক), আমাদের অর্থনীতির খুররম জামান (কোষাধ্যক্ষ), ভোরের কাগজ-এর আঙ্গুর নাহার (দপ্তর সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির সদস্যরা হলেন: ইত্তেফাক-এর মাইনুল আলম, সকালের খবর-এর মাসুদ করিম, প্রথম আলোর রাহীদ এজাজ, ইনকিলাবের শাহীন রাজা এবং এনটিভির জহিরুল আলম।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ঢাকা ব্যুরোর প্রধান ফরিদ হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর বিশেষ প্রতিনিধি নিজামুদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনা করেন।ডিকাবের বিদায়ী সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল মজিদ এবং বিদায়ী কোষাধ্যক্ষ পান্থ রহমান তাঁদের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।সাধারণ সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ শুভেচ্ছা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।