ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের রেজাউল করিম লোটাস ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিকাবের সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের মাহফুজ মিশু।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউজ টুয়েন্টি ফোরের আঙ্গুর নাহার মন্টিকে হারান। এ ছাড়া সহসভাপতি পদে ইউএনবির এ কে এম মঈন উদ্দিন প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাহিদুল ইসলাম চৌধুরীকে পরাজিত করেন।
ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদকসহ অন্য নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এঁরা হলেন যুগ্ম সম্পাদক ডিবিসি নিউজের ইশরাত জাহান ঊর্মি, কোষাধ্যক্ষ মানবজমিনের মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক জনকণ্ঠের তৌহিদুর রহমান।
কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য হলেন যুগান্তরের মাসুদ করিম, ইত্তেফাকের মাঈনুল আলম, প্রথম আলোর রাহীদ এজাজ, সংবাদের সালাম জোবায়ের ও বাংলা ট্রিবিউনের শাহরিয়ার জামান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ডিকাবের নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি এম শফিকুল করিম। তাঁকে সহায়তা করেন দুই কমিশনার সাংবাদিক শ্যামল দত্ত ও নিজাম আহমেদ।
এর আগে রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ডিকাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক পান্থ রহমান ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হাসিব বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।