লোডশেডিং, সেচ ব্যাহত, চাষিদের মাথায় হাত
ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নীলফামারীর ডোমার উপজেলার ৮-১০টি এলাকার বোরো খেতে সঠিকভাবে সেচ দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে কিছু জমিতে রোপণ করা গাছের চারা মরে গেছে।লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি জনপ্রতিনিধিরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। সমস্যার সমাধান না হলে এলাকাবাসী আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।কৃষকেরা জানান, প্রায় সাত-আট দিন ধরে উপজেলার মৌজাপাঙ্গা, পাঙ্গামটকপুর, বামুনিয়া, বোড়াগাড়ী, কেতকীবাড়ী, ভোগডাবুরী, সুন্দরখাতাসহ ১০টি এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে বোরো খেত শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। মরে যাচ্ছে বোরোর চারা। ভোল্টেজ কম থাকায় সেচপাম্পের মোটর পুড়ে যাচ্ছে।কৃষক মহিউদ্দিন জানান, তিনি এবার ১৬ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। কিন্তু সেচ দিতে না পারায় তাঁর খেতের চারা শুকিয়ে গেছে। বাধ্য হয়ে তিনি শ্যালোযন্ত্র কেনার উদ্যোগ নেন।পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বাসিন্দা তরণী কান্ত রায় জানান, পল্লী বিদ্যুৎ রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ দেয়। কিন্তু এ সময় প্রতি ১০ মিনিট পর পর লোডশেডিং হয় এবং ভোল্টেজ ওঠানামা করে। এতে মোটরগুলো জ্বলে যাচ্ছে।পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘আমি পল্লী বিদ্যুতের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা কোনো গুরুত্ব দিচ্ছে না।’পাঙ্গা মটকপুর ইউপির দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা ললিত চন্দ্র রায় জানান, তাঁর ইউনিয়নে পবিসের আওতায় ৩৪০ হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। অধিকাংশ জমিতে পানি না থাকায় চারা মরে যাচ্ছে।পল্লী বিদ্যুত সমিতির ডোমার কার্যালয়ে উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘জেলায় আমাদের বিদ্যুতের চাহিদা ৩০ মেঘাওয়াট। আমরা পাচ্ছি ১৭-১৮ মেঘাওয়াট। এ কারণে ২৪ ঘণ্টায় পাঁচ-ছয় ঘণ্টা করে লোডশেডিং দিচ্ছি। উপজেলার উল্লিখিত এলাকার সংযোগটা ওভারলোড হওয়ার কারণে বেশি সমস্যা হচ্ছে। এ বছর ওই সমস্যা সমাধান করা সম্ভব হবে না।’