লোডশেডিং আবারও বাড়বে

আগামী সপ্তাহ থেকে দেশে আবার লোডশেডিং বাড়বে। সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ শুরু করায় গ্যাসের অভাব হবে বিদ্যুৎ উৎপাদনে।গত এপ্রিল থেকে বহুজাতিক কাফকোসহ পাঁচটি সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে তা বিদ্যুৎকেন্দ্রে দেওয়া হচ্ছিল। এখন আমনের মৌসুম সামনে রেখে সার কারখানাগুলো চালু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার নির্দেশনা দিয়েছেন।বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেড়েছে তিন হাজার মেগাওয়াটের বেশি। গ্যাসের উৎপাদনক্ষমতা বেড়েছে প্রায় ৫৫ কোটি ঘনফুট। একইভাবে চাহিদাও বেড়েছে। কিন্তু সরকার গ্যাসের ওপর একক নির্ভরতা কাটাতে ‘জ্বালানি বহুমুখীকরণ’-এর যে উদ্যোগ নিয়েছিল, তা বাস্তবায়নের ধারেকাছেও যেতে পারেনি। ফলে সরকারের প্রথম বছরে যেমন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ালে সার কারখানা বন্ধ রাখতে হতো, এখনো তেমনি করতে হচ্ছে। এখনো মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৭০ শতাংশই গ্যাসভিত্তিক। জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক জ্বালানির উৎস ও সরবরাহ বৃদ্ধি না হওয়া পর্যন্ত এ অবস্থা থেকে মুক্তি নেই। যেহেতু খুব শিগগির উৎস ও সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না, সেহেতু কোন খাতে কখন গ্যাস বেশি বা কম দেওয়া হবে, সে সম্পর্কে অর্থনৈতিক বিবেচনায় একটি অগ্রাধিকার তালিকা তৈরি করা উচিত।
এলএনজি: ‘জ্বালানি বহুমুখীকরণ’ উদ্যোগের অন্যতম প্রধান ছিল প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি। কক্সবাজারের মহেশখালীতে টার্মিনাল স্থাপন করে নদী ও সমুদ্রতলদেশ থেকে পাইপলাইন বসিয়ে ওই গ্যাস চট্টগ্রামের সিলিমপুরে এনে সরবরাহ করার কথা ছিল। এ ব্যাপারে অনেক কসরত করা হলেও তেমন অগ্রগতি হয়নি। অথচ চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের অভাব ক্রমেই প্রকটতর হচ্ছে।
কয়লা আমদানি: সরকারের আরেকটি প্রধান উদ্যোগ কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন। এ ক্ষেত্রেও অগ্রগতি শূন্যের কোঠায়। দীর্ঘ মেয়াদে কয়লার উৎস এখনো নিশ্চিত নয়। হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি বিদ্যমান বন্দর ব্যবহারের মাধ্যমে সম্ভব নয়। এ জন্য গভীর সমুদ্রবন্দর অপরিহার্য। এ ব্যাপারেও সরকারের কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেই।
নিজস্ব কয়লা উত্তোলন: দেশের কয়লা উত্তোলনের ক্ষেত্রেও সরকার সিদ্ধান্তহীন। গত সাড়ে চার বছরে কয়লানীতিও চূড়ান্ত হয়নি। অথচ সরকারের বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের মধ্যে প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা কয়লা জ্বালিয়ে। কিন্তু আগামী পাঁচ বছরেও এ রকম কোনো কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা নেই বলে ‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানি’র সূত্রগুলো জানায়।
গ্যাস আমদানি: সরকার মিয়ানমার থেকে গ্যাস আমদানির যে উদ্যোগ নিয়েছিল, তা সফল হয়নি। মধ্য এশিয়া থেকে আফগানিস্তানের ওপর দিয়ে ভারত পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে পাকিস্তানের পর বাংলাদেশও যুক্ত হওয়ার চেষ্টা করছে। এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশও সুদূর ভবিষ্যতে গ্যাস পেতে পারে।
গ্যাস অনুসন্ধান: গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স পরিকল্পনা অনুযায়ীই কাজ চালাচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ২০০৪ সালে কুমিল্লার বাঙ্গুরার (মজুত আধা টিসিএফ) পর আর কোনো বড় বা মাঝারি আকারের গ্যাসক্ষেত্রও আবিষ্কৃত হয়নি।
অন্যদিকে সাঙ্গু গ্যাসক্ষেত্র প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু সমুদ্রবক্ষে নতুন অনুসন্ধানের গতি ধীর। ২০২০ সালের আগে সমুদ্রবক্ষের নতুন কোনো ক্ষেত্র থেকে গ্যাস পাওয়া অনিশ্চিত।
বিদ্যুৎ আমদানি: অবশ্য ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হলে অবস্থা সহনীয় রাখা যেত। কিন্তু এই আমদানি কবে শুরু হবে, তা নিশ্চিত নয়। দুবার পেছানোর পর সময় নির্ধারিত হয়েছে আগামী সেপ্টেম্বরে। এটি পেছানোর বিষয়টিও প্রায় নিশ্চিত।
পারমাণবিক বিদ্যুৎ: সরকারের জ্বালানি বহুমুখীকরণ পরিকল্পনার অন্যতম প্রধান উপাদান পারমাণবিক বিদ্যুৎ। সময়সাপেক্ষ ও ব্যয়বহুল এই প্রকল্প বাস্তবায়নে দক্ষ জনবলের অভাব রয়েছে। অস্বাভাবিক ব্যয়ভিত্তিক সমীক্ষার মাধ্যমেই এই প্রকল্প আপাতত শেষ হতে পারে।