লোডশেডিং ও বিদ্যুৎ-বিভ্রাট মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে লোডশেডিং ও বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অস্বাভাবিক বেড়েছে। এর সঙ্গে গত রোববার সন্ধ্যায় ঝড়বৃষ্টির কারণে নগরীর অনেক এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন ছিল। কিছু এলাকায় এর জের চলছিল গতকাল সোমবারও। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবনে প্রচণ্ড দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাজধানীতে বিদ্যুতের ঘাটতি গড়ে প্রায় ৫০০ মেগাওয়াট।
বিভিন্ন এলাকায় খবর নিয়ে এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
রোববার সন্ধ্যায় ঝড়বৃষ্টির একপর্যায়ে ৬টা ৩৪ মিনিটে ধানমন্ডি গ্রিডের পুরোটাই বন্ধ হয়ে যায়। এর পরপরই মগবাজার গ্রিড এবং কামরাঙ্গীরচর গ্রিডের সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়। এই গ্রিডগুলো ১৩২/৩৩ কিলোভোল্টের (কেভি)। এসব গ্রিড বন্ধ হওয়ার কারণে গ্রিডের সঙ্গে যুক্ত পার্শ্ববর্তী সব এলাকায় (১১ কেভি) বিদ্যুতের ব্যবস্থা অচল হয়ে পড়ে। পরে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে এগুলো ঠিক করতে। তারপরও অভ্যন্তরীণ কারণে অনেক এলাকা অন্ধকারে থেকে যায়। যেমন কামরাঙ্গীরচরের কিছু অংশে অভ্যন্তরীণ কারণে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না।
এসব গ্রিড অঞ্চল ছাড়াও রাজধানীর অনেক স্থানে ঝড়ের সময় ১১ কেভি গ্রিডের সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়। ফলে পুরান ঢাকার আর কে মিশন রোড, কে এম দাস লেন, স্বামীবাগ, ওয়ারী, নারিন্দাসহ অনেক এলাকা, মিরপুর ১৪ নম্বর সেকশনসহ আশপাশের এলাকা, শ্যামলীসহ আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
আর কে মিশন রোডের ৪৯/৩ নম্বর বাড়ির বাসিন্দারা জানান, ঝড়বৃষ্টির পর প্রায় তিন ঘণ্টা এলাকায় বিদ্যুৎ ছিল না। মিরপুর ১৪ নম্বর সেকশনের বাসিন্দা তাবাসসুম বলেন, শুধু ঝড়ের কারণে নয়, গত রোববার ঝড়ের আগেও একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটে। প্রায় প্রতিদিনই দফায় দফায় বিদ্যুৎ চলে যায় বলে জানান তিনি।
শ্যামলী রিং রোডের বাসিন্দা একটি আয়ুর্বেদিক কোম্পানির মালিক বাবুল ধর প্রথম আলোয় ফোন করে বলেন, রোববার ঝড়ের অনেক আগে বেলা তিনটার দিকে বিদ্যুৎ চলে যায়। আসে গভীর রাতে। এলাকায় প্রায়ই এমন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ডিপিডিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে ঢাকা অঞ্চলে (ডিপিডিসি, ডেসকো ও আরইবি) ২ হাজার ৯০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২ হাজার ৪০০ বা এর কিছু বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। গতকাল পাওয়া যায় ২ হাজার ৬৫০ মেগাওয়াট।
পিডিবির একজন কর্মকর্তা বলেন, নৌ ধর্মঘটের কারণে তেল আনা যায়নি। এতে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর কিছু ইউনিট চালু রাখা সম্ভব হয়নি। ফলে উৎপাদন কম হয়েছে। এ ছাড়া কারিগরি কারণে মাঝে মাঝেই বিদ্যুৎকেন্দ্রের একাধিক ইউনিট বন্ধ হয়ে যায়, এতেও লোডশেড করতে হয়।
স্কাডা থেকে বলা হয়, রোববার ঝড়ের জের হিসেবে গতকালও রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না।