চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের নোয়াপাড়া কাল্লমরারটেক এলাকায় প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন বিদ্যুৎকেন্দ্র। রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ শেষ হলে আগামী বছর ফেব্রুয়ারি মাসে এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হবে শুধু রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায়।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফটিকছড়ি কার্যালয়ের প্রকৌশলী ইকবাল হোসেন জানান, গত সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দেশে লোডশেডিং কমাতে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার লোডশেডিং কমাতে এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। কিন্তু পরে ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ দেওয়ার কথা বিবেচনা করে এই কেন্দ্রটি ২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার।সমিতির রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন আহমেদ জানান, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের চারটি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২০ কোটি টাকা বিনোয়াগ করছে। বাকি ১২০ কোটি টাকা বিনিয়োগ করছে রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেড। আর এ কোম্পানি কেন্দ্রের সার্বিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ কোম্পানির কাছ থেকে ক্রয় করে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার প্রায় এক লাখ গ্রাহকের বিদ্যুতের চাহিদা পূরণ করবে।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপক শাখাওয়াত উল্লাহ জানান, রাঙ্গুনিয়ায় সর্বাধিক ১৬, রাউজানে ১২ ও ফটিকছড়ি উপজেলায় ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে জাতীয় গ্রিড থেকে রাঙ্গুনিয়ায় পিক ও অফপিক আওয়ারে চার-ছয়, রাউজানে ছয়-আট এবং ফটিকছড়িতে চার-পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে এই তিন উপজেলায় লোডশেডিং চরম পর্যায়ে রয়েছে। ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র চালু হলে জাতীয় গ্রিড থেকে লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ সরবরাহ করা হবে। ফলে এই তিন উপজেলায় লোডশেডিং কমে যাবে।রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) মাহাবুব আলম বলেন, দেশে গ্যাসসংকটের কথা বিবেচনায় রেখে বিদ্যুৎকেন্দ্রটি ফার্নেস অয়েল দিয়ে চালানোর ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।