লোডশেডিং কিছুটা কমেছে

মেরামত-রক্ষণাবেক্ষণে থাকা ২২৫ মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় চালু হয়েছে। তেলভিত্তিক অন্যান্য কেন্দ্রও সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদনে রয়েছে। ফলে আগের কয়েক দিনের তুলনায় গতকাল মঙ্গলবার লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কমেছে, বিশেষ করে শহর-নগরে।
তবে ঢাকাসহ বড় বড় শহর-নগরের তুলনায় গ্রামাঞ্চল ও মফস্বল শহরের অবস্থা গতকালও বেশ খারাপ ছিল। সেখানে আগের দু-তিন দিনের মতো গতকালও দফায় দফায় লোডশেডিং হয়েছে। সঞ্চালন ও বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও ছিল অনেক।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দাবি, আর দু-এক দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে। মেরামত-রক্ষণাবেক্ষণে থাকা অন্য বড় কেন্দ্রগুলোও চালু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে সামিটের বিবিয়ানা ৩৪১ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি আজ বুধবার চালু হতে পারে বলে জানা গেছে। কেন্দ্রটির অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি বিদেশি বিশেষজ্ঞ দল গতকাল সেখানে গেছে।
পিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৯ হাজার ৫০০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদন ধরা হয় ৮ হাজার ৬১৫ মেগাওয়াট। এই হিসাবে ঘাটতি মাত্র ৮৮৫ মেগাওয়াট। তবে লোডশেডিংয়ের বাস্তব চিত্র গতকাল এতটা স্বাভাবিক ছিল না। বিভিন্ন বিতরণ সংস্থার চাহিদা ও বিদ্যুৎ প্রাপ্তির মধ্যকার ব্যবধান গতকালও ছিল দুই হাজার মেগাওয়াটের বেশি।
গত কয়েক দিনে বিদ্যুৎ পরিস্থিতির মারাত্মক অবনতি নিয়ে গতকাল বিকেলে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রমজান মাসের প্রথম দিন থেকেই যাতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রস্তুত থাকতে বলা হয়।
এ ছাড়া পবিত্র রমজানের শুরু থেকে ‘ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট (ডিএসএম)’ কঠোরভাবে কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ডিএসএম অনুযায়ী রাত আটটায় সব দোকানপাট বন্ধ করা, কোথাও প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জা না করা, সান্ধ্যকালীন সর্বোচ্চ চাহিদার সময় পানির পাম্প, ইস্ত্রি ও অন্যান্য ভারী যন্ত্রপাতি না চালানো নিশ্চিত করা হবে বলে সভায় জানানো হয়।
রমজান মাসে সাহ্রি, ইফতার ও নামাজের সময় কোথাও যাতে লোডশেডিং না করা হয়, তা নিশ্চিত করা হবে বলে সভায় জানানো হয়। বিশেষ পরিস্থিতির কারণে কোথাও ওই সব সময় লোডশেডিং করতে হলে তা আগেই সংশ্লিষ্ট এলাকায় জানিয়ে দিতে হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।