লোডশেডিং চরমে, এরই মাঝে নতুন সংযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আওতাধীন এলাকায় লোডশেডিং চরম আকার ধারণ করেছে। এতে গ্রাহকদের ভোগান্তির অন্ত নেই। পল্লী বিদ্যুতের এমনি দুরবস্থার মাঝে জেলার কেন্দুয়া উপজেলায় আরও একটি গ্রাম বিদ্যুতায়নের আওতায় এসেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিস নেত্রকোনার আওতাধীন এলাকায় চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ করায় প্রতিদিন একটানা ৮-১০ ঘণ্টাসহ গড়ে ১৬-১৮ ঘণ্টা লোডশেডিং করা হয়। ফলে পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রয়োজনের সময় বিদ্যুৎ না থাকায় বোরো চাষাবাদের আওতায় থাকা সেচযন্ত্র ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। এতে কৃষকেরা পড়েছেন বিপাকে। তাছাড়া ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ছাত্রছাত্রীদের লেখাপড়াসহ বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় কেন্দুয়ার মোজাফফরপুর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। এর ফলে এলাকার দুই শতাধিক গ্রাহক বিদ্যুৎসুবিধার আওতায় এসেছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।পবিস নেত্রকোনা কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক রামশঙ্কর রায় প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকার গ্রাহকেরা অনেক আগে থেকেই বিদ্যুতের জন্য আবেদন করেছিলেন। শিগগির লোডশেডিং পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’