লোডশেডিং চরমে, মানুষের নাভিশ্বাস
রংপুরের পীরগাছায় মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বোরোর সেচ বাধাগ্রস্ত হচ্ছে। এইচএসসি ও সমমানসহ অন্যান্য পরীক্ষার পরীক্ষার্থীরা লেখাপড়া করতে না পেরে বিপাকে পড়েছে। ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে এক হাজার ৪৮৩টি বৈদ্যুতিক সেচপাম্প ও ২৫৬টি মিল-কলকারখানাসহ ১৮ হাজার ১৪৫ জন বিদ্যুৎ-গ্রাহক রয়েছে। এ জন্য প্রতিদিন সাড়ে সাত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন এবং তা রংপুর গ্রিড থেকে সরবরাহ করা হয়। কিন্তু ওই গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি লাইনটি পুরোনো এবং খুবই ঝুঁকিপূর্ণ। এটি বিদ্যুৎ সরবরাহের লোড নিতে পারছে না। লোড দিলেই লাইনে সমস্যা দেখা দিচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এক মাস ধরে এ সমস্যা প্রকট হওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, লোডশেডিংয়ের কারণে বোরোর সেচ ব্যাহত হচ্ছে। এইচএসসি, ডিগ্রি, আলিম ও ফাজিল পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ ঘন ঘন যাওয়া-আসা করায় অনেকের ইলেকট্রনিকস-সামগ্রী নষ্ট হয়ে গেছে। এতে তাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ৩৩ কেভি লাইনটির পুরোনো তার পরিবর্তনের কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলে এ সমস্যা দূর হবে।