লোডশেডিং চলতি বছরেই সহনীয় পর্যায়ে আসবে: সংসদীয় কমিটি
লোডশেডিং চলতি বছরেই সহনীয় পর্যায়ে আসবে। তবে দেশকে লোডশেডিং থেকে একেবারে মুক্ত করতে সময় লাগবে।গতকাল বুধবার সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া এ কথা বলেন।সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়ছে এটা ঠিক। কিন্তু উৎপাদন যত বাড়ছে, চাহিদাও তত বাড়বে। ফলে লোডশেডিং সহসাই দূর হবে না। তবে তা ক্রমেই সহনীয় পর্যায়ে আসবে। তিনি আরও জানান, বহু মানুষ টাকা নিয়ে বসে আছেন, যাঁরা বিদ্যুতের অভাবে শিল্পকারখানা স্থাপন করতে পারছেন না। বিদ্যুৎ পাওয়া গেলে নতুন আরও অনেক কলকারখানা গড়ে উঠবে।বৈঠক সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং এর অধীন কোম্পানিগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় জনগণের নতুন গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন যেসব প্রতিষ্ঠান যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। জ্বালানি তেলের অগ্রিম মজুদ বাড়ানো এবং চুরি, পাচার ও ভেজাল মিশ্রণ রোধেরও নির্দেশনা দেওয়া হয়।কমিটির আগামী বৈঠকে দেশে বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচপাম্পের সংখ্যা উপস্থাপনের জন্য বলা হয়েছে। এসব সেচপাম্প চালানোর কাজে জ্বালানি তেল ও বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দিচ্ছে, তা গ্রহীতাদের বিলে সংযুক্ত করারও সুপারিশ করা হয়েছে। কমিটি আগামী ১৪ মে বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, চিফ হুইপ আবদুস শহীদ, আবদুল মতিন খসরু, আবদুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, আবদুল্লাহ আল ইসলাম ও এ এম মাহবুব উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।