লোডশেডিং থেকে শিগগির মুক্তি পাচ্ছে না ২১ জেলার মানুষ
বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে শিগগিরই মুক্তি পাচ্ছে না খুলনাসহ ২১ জেলার মানুষ। খুলনা অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোর অধিকাংশই মেয়াদোত্তীর্ণ হওয়ায় ও চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় এ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, খুলনার গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের ১১০ মোগাওয়াট ইউনিটটি পাঁচ মাস মাস ধরে বন্ধ রয়েছে। ৬০ মেগাওয়াটটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বন্ধ থাকে। গত শনিবার থেকে এই ইউনিটটি বন্ধ রয়েছে। এ ছাড়া রেন্টাল ২০, ৩৫ ও ৪০ মেগাওয়াট ইউনিটের মধ্যে ২০ ইউনিটটির যান্ত্রিক ত্রুটির কারণে পুরো লোড নিতে পারছে না। এখান থেকে মাত্র সাত-আট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বরিশালের তিনটি ইউনিট (২০, ২০ ও ৫ দশমিক ৭ মেগাওয়াট) থেকে পাওয়া যাচ্ছে ২৪-২৫ মেগাওয়াট বিদ্যুৎ। ভেড়ামারার তিনটি ইউনিট (২০, ২০ ও ৩০ মেগাওয়াট) থেকে পাওয়া যাচ্ছে ৪৬ মেগাওয়াট। ভোলার ৩৪ মেগাওয়াট থেকে পাওয়া যাচ্ছে ২৬ থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ।খুলনা বিদ্যুৎ বিভাগের লোড ডেসপাস সূত্রে জানা যায়, খুলনা জোনের ২১ জেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা পিক আওয়ারে সাড়ে ৭০০ এবং অফ-পিক আওয়ারে সাড়ে ৫০০ মেগাওয়াট। এর বিপরীতে স্থানীয় ও জাতীয় গ্রিড মিলে পাওয়া যায় যথাক্রমে ৫০০ থেকে সাড়ে ৫৫০ এবং ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট। তবে কোনো কোনো দিন বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম থাকায় এ অঞ্চলের লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায়। খুলনা গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী কামরুল ইসলাম জানান, গত শনিবার ভোরে গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের ৬০ মেগাওয়াট উৎপাদন কেন্দ্রটি ২৪ দিন চালু থাকার পর বন্ধ হয়ে যায়। এই ইউনিটটির বয়লার এবং ওয়াল টিউবে একাধিক স্থানে লিকেজ থাকা সত্ত্বেও তা চালু রাখা হয়েছিল। ইউনিটটি দুই-এক দিনের মধ্যে চালু করা সম্ভব হবে। যান্ত্রিক ত্রুটির কারণে নয় দিন আগে ঘোড়াশালের ২১০ মেগাওয়াটের ইউনিটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায়। ফলে এ অঞ্চলে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। তিনি বলেন, গোয়ালপাড়ার ১১০ মেগাওয়াট ইউনিটটি আগামী মাসের মাঝামাঝি সময় থেকে চালু করা সম্ভব হবে। এ দুটি ইউনিট চালু হলে খুলনা অঞ্চলের বিদ্যুতের লোডশেডিং অনেকাংশে কমে যাবে।