লোডশেডিং বন্ধের দাবিতে কালিয়াকৈরে মাথা ন্যাড়া করে বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে স্থানীয় লোকজন গতকাল শনিবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-১-এর কালিয়াকৈর জোনাল অফিসে ঘেরাও কর্মসূচি পালন করেছে। এ ছাড়া তারা বিক্ষোভ মিছিল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, লোডশেডিং বন্ধের দাবিতে গতকাল সকালে কালিয়াকৈরের বিভিন্ন এলাকার একদল যুবক মাথা ন্যাড়া করে কালিয়াকৈর বাজার থেকে একটি মিছিল বের করে। তাদের সঙ্গে অন্যান্য লোকজনও যোগ দেয়। তারা স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করে। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে মানববন্ধন করা হয়। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে তারা। সড়ক অবরোধ শেষে তারা কালিয়াকৈর বাজারের শিলা-বৃষ্টি মার্কেটের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন ইসরাফিল মিয়া, জাহাঙ্গীর হোসেন, আবদুল মান্নান, আব্বাস আলী, কামরুল ইসলাম, রতন মিয়া, শ্রীকান্ত প্রমুখ।