লোডশেডিং বন্ধের দাবিতে খেতের আইলে মানববন্ধন
বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে গাইবান্ধা সদর উপজেলায় খেতের আইলে মানববন্ধন করেছেন কৃষকেরা। গতকাল বুধবার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এরপর কৃষকেরা গোপালপুর বাজার এলাকায় গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
রামচন্দ্রপুর বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ ও রামচন্দ্রপুর অধিকার আদায় সংগ্রাম পরিষদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে গোপালপুর বাজারে এক সমাবেশে বক্তৃতা করেন গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরা আক্তার, নিলুফার ইয়াসমীন, কৃষক আজগর আলী, নুরুন্নবী মিয়া, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম, শাহজামাল ইসলাম, সাজু মিয়া, আল আমিন, বিপ্লব মিয়া, হেদায়েতুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার চলতি বোরো মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলছে। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে গ্রামাঞ্চলে প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ফলে কৃষকেরা জমিতে সময়মতো সেচ দিতে পারছেন না। সেচের অভাবে অনেক জমি ফেটে চৌচির হয়েছে।
কৃষকেরা বলেন, শহরের মানুষ আন্দোলন করতে পারে, গ্রামের কৃষকেরা তা পারে না। তাই শহরে লোডশেডিং কম। অথচ বোরো উৎপাদনের জন্য গ্রামে বেশি বিদ্যুৎ দরকার। বিদ্যুতের অভাবে ফসলের ক্ষতি হলে বিল দেওয়া বন্ধের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে লোডশেডিং কমানো না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে।
এসব বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকার বলেন, গাইবান্ধা বিতরণ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের দুটি পাওয়ার ট্রান্সফরমারের যে ধারণক্ষমতা রয়েছে, তা বিদ্যুতের চাহিদার লোড সংরক্ষণ করতে পারছে না। ফলে লোডশেডিং হচ্ছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন এবং পুরাতন ট্রান্সফরমার মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
সুকুমার লাল সরকার বলেন, ১০ শহর উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের বিসিক শিল্পনগরে ১০ মেগাওয়াট ভোল্ট অ্যামপিয়ার (এমভিএ) ক্ষমতাসম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের কথা রয়েছে। এটি স্থাপিত হলে সমস্যা অনেকটা লাঘব হবে।