লোডশেডিং বন্ধের দাবিতে বিদ্যুতের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় টানা লোডশেডিং বন্ধ করার দাবিতে বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আটটার দিকে লোডশেডিং শুরু হয়। গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যুৎ আসে। ওই দিন বেলা সাড়ে চারটায় পুনরায় লোডশেডিং শুরু হয়। টানা সাড়ে ১৪ ঘণ্টা পর গতকাল সোমবার সকাল সাতটায় পুনরায় বিদ্যুৎ-সংযোগ চালু হয়। টানা এ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী গত রোববার রাত ১১টার দিকে জকিগঞ্জ পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাওয়ের পাশাপাশি প্রধান ফটক অবরোধ করে রাখে। খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসি বলেন, বিষয়টি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে। তাঁর এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করে জকিগঞ্জ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ সভা করে।

জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও আইনজীবী ফয়সল খানের সঞ্চালনায় সমাবেশে জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুখলিসুর রহমান, পৌরসভার কাউন্সিলর শাহাব উদ্দিন, কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা যুবলীগ নেতা শিহাব উদ্দিন, মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জামিল আহমদ, এম আনহার উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং থাকায় উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এমনকি সাহ্‌রি, ইফতার ও তারাবিহর নামাজের সময়ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এতে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শিগগিরই এ অবস্থার নিরসন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ জকিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইছাক আলী প্রথম আলোকে বলেন, জকিগঞ্জে বিদ্যুতের চাহিদা ৭ মেগাওয়াট, তবে সরবরাহ করা হচ্ছে মাত্র ৩ থেকে সাড়ে ৩ মেগাওয়াট। এ কারণেই মূলত লোডশেডিং হচ্ছে। তবে গত দুই দিন জকিগঞ্জের বৈদ্যুতিক লাইন ত্রুটিপূর্ণ থাকায় বিদ্যুৎ সরবরাহ বেশি সময় ধরে বন্ধ ছিল। তবে লাইন সংস্কার করে পুনরায় বিদ্যুৎ চালু করে দেওয়া হয়েছে।