গতকাল সোমবার থেকে সারা দেশে লোডশেডিং বেড়েছে। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র ঘোড়াশালের ২১০ মেগাওয়াট ক্ষমতার চার নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যাওয়াই এর প্রধান কারণ বলে জানা গেছে। এ ছাড়া কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকটও কমেনি।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহখানেক ধরে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল। তার ওপর পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রায়ই সমস্যা দেখা দিচ্ছে। কয়েক দিন আগে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। গত রোববার রাতে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের চার নম্বর ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদন কমেছে।পিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল পাঁচ হাজার মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছিল তিন হাজার ৭২২ মেগাওয়াট। প্রায় এক হাজার ৩০০ মেগাওয়াট ঘাটতির কারণে গতকাল সারা দিন ঢাকাসহ দেশের সর্বত্র এক ঘণ্টা পরপর লোডশেডিং করতে হয়েছে। এ ছাড়া, বিশ্বকাপ ফুটবল খেলার সময় অর্থাৎ বিকেলে সর্বোচ্চ চাহিদা শুরুর সময় থেকে একটানা আধা ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয় সূত্র জানায়, খেলা চলে প্রায় পৌনে দুই ঘণ্টা। কাজেই লোডশেডিং করা খুব জরুরি হলে কোনো এলাকায় আধা ঘণ্টা লোডশেডিং করলেও বাকি সময়টা তাঁরা খেলা দেখতে পারবেন, এই বিবেচনা থেকে আধা ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের ব্যাপারে পিডিবি সূত্র জানায়, গত রোববার তারা গ্যাস পেয়েছে ৭৫ কোটি ঘনফুটেরও কম। কিন্তু তাদের চাহিদা ৯০ কোটি। বাঙ্গুরা ও সাঙ্গু গ্যাসক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ার আগে ৮৫ কোটি ঘনফুটের মতো পাচ্ছিল পিডিবি। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সাঙ্গু তো চলছেই। বাঙ্গুরাও আগামী শুক্রবার নাগাদ চালু হবে।