লোডশেডিং শব্দ ডিকশনারিতেই থাকবে না: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকটু সময় দিলে লোডশেডিং নামের শব্দ ডিকশনারিতেই থাকবে না বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ’-এর এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘এই যে এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন—বুকে হাত দিয়ে বলতে পারবেন এবার ইফতারের ও সেহরির সময় কোনো মসজিদে পানি ছিল না কিংবা মুসল্লিরা অজু করার পানি পাননি। কারণ এটা সম্ভব হয় বিদ্যুতের জন্য।’ তিনি বলেন, শেখ হাসিনাকে আরেকটু সময় দেন, লোডশেডিং নামের শব্দই ডিকশনারিতে থাকবে না।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, ‘যাঁরা গণমাধ্যমে বেফাঁস কথা বলে পত্রিকার খোরাক হতে চান, তাঁদের সংযত ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি। বেফাঁস কথা বলে কোনো লাভ হবে না। সংগঠন চলবে সংগঠনের মতো।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে মায়া বলেন, ‘যদি বাপের বেটা হয়ে থাকেন, দেশে আসেন। তা না হলে বিদেশে বসে বড় বড় কথা বলবেন, দেশের মানুষ তা মেনে নেবে না।’ তিনি মনে করেন, পবিত্র মক্কায় মায়ের সঙ্গে বসে তারেক রহমান শেখ হাসিনার সরকার হঠানোর ষড়যন্ত্র করছেন।
সংগঠনের সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।