লোডশেডিং হাজার মেগাওয়াট ছাড়াবে পবিত্র রমজানে
এ বছর পবিত্র রমজান মাসেও দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। এ জন্য সিএনজি স্টেশন আরও দুই ঘণ্টা বন্ধ রাখা হতে পারে।পবিত্র রমজান মাসে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে গতকাল বুধবার বিকেলে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় গত বছরের মতোই রমজান মাসে গ্যাস-বিদ্যুতের পরিস্থিতি নিয়ন্ত্রণে লোড ব্যবস্থাপনা, সাশ্রয় ও পরিবীক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, এ বছর রমজান মাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা হবে প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট। উৎপাদন সম্ভব হবে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কম।বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সর্বোচ্চ সরবরাহ গত বছর রোজার মাসে ছিল সর্বোচ্চ ৮৮ কোটি ১০ লাখ ঘনফুট। এ বছর আরও কিছুটা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ দৈনিক ৮০ কোটি ঘনফুটের মতো।গ্যাসের সরবরাহ বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে, জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, বিদ্যমান কূপগুলো থেকে পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে সরবরাহ বাড়ানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ এখনকার তুলনায় কিছুটা কমানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। আমরা রমজান মাসে সিএনজি স্টেশন আরও দুই ঘণ্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সিএনজি স্টেশনের মালিকদের সঙ্গে আলোচনা করে।’বর্তমানে সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ দৈনিক মোট সরবরাহের প্রায় ১০ শতাংশ। সিএনজি স্টেশনগুলো এখন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখা হয়। একসময় তা বিকেল তিনটা থেকে বন্ধ রাখা হতো।রমজান মাসের আগেই মোট ২৫০ মেগাওয়াট ক্ষমতার তিনটি নতুন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াটের কাছাকাছি থাকবে।সভাশেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, রমজান মাসে বিদ্যুতের উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট নিশ্চিত করা হবে। কোনো এলাকায় যেন সেহির ও ইফতার—এই দুই সময়ে লোডশেডিং না হয়, তাও নিশ্চিত করা হবে। সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময় বাসাবাড়ি, দোকানপাটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা ও লাইট কম জ্বালানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হবে।সভায় বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পিডিবি-আরইবি-ডিপিডিসি-ডেসকো, পেট্রোবাংলার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।দোকান মালিক সমিতির নেতারা সাংবাদিকদের বলেছেন, গত বছরের মতোই তাঁরা এবারও পবিত্র রমজান মাসে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবেন।বিষয়টি নিয়ে পরে আরও সভা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।