লোডশেডিংমুক্ত বাংলাদেশ আশা-নিরাশার দোলাচলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কি না, কিংবা কবে নাগাদ সম্ভব, তা নিয়ে দোলাচল সৃষ্টি হয়েছে। এক গোলটেবিল আলোচনায় বিদ্যুৎ খাতের শীর্ষ পর্যায়ের নির্বাহী, বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদদের আলোচনায় এই দোলাচল হয়।গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে ইংরেজি পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার। এতে বক্তাদের কেউ কেউ বলেন, লোডশেডিংমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা উচ্চাভিলাষী মনে হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আবার অনেকে বলেন, সময়মতো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে বিপুল বিনিয়োগ ও ভর্তুকির ব্যবস্থা করা এবং প্রাথমিক জ্বালানির সংস্থান।মূল বক্তব্য উপস্থাপন করেন পিডিবির সিস্টেম প্লানিংয়ের পরিচালক মিজানুর রহমান। আলোচনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক বলেন, ‘বিদ্যুৎ-সংকট নিরসনে সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। ২০২১ সালে স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরা দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দিতে চাই।’অপরদিকে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আজকের আলোচনায় যে সুলিখিত নিবন্ধ উপস্থাপন করা হলো, এ রকম নিবন্ধ আমাদের সময়েও অনেক উপস্থাপন করা হয়েছে। কিন্তু এগুলো কখনো আলোর মুখ দেখে না। আমরা দেখাতে পারি না। তাই পরিকল্পনা বাস্তবোচিত হওয়া উচিত। না হলে তা স্বপ্ন হয়েই থাকবে।’ বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দেখিয়ে তিনি বলেন, ‘আমি চুন খেয়ে মুখ পুড়িয়েছি। আমি জানি না ওনার মুখটা কবে পুড়বে।’পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, ‘জনগণের প্রত্যাশা বর্তমান সরকার অবশ্যই পূরণ করবে। সুখবরের জন্য একটু অপেক্ষা করুন। ২০১২ সালের মধ্যে আমরা ৫০ কোটি এবং ২০১৬ সালের মধ্যে আরও ৫০ কোটি ঘনফুট গ্যাস দিতে পারব। আর কয়লা তুলতে হলে উন্মুক্ত পদ্ধতিতেই তুলতে হবে। না হলে কাজের কাজ কিছু হবে না।’ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ‘সরকারের রূপকল্পকে আমি রূপকথা হিসেবে দেখছি। আপনারা এত বড় বড় কথা বলেন কেন? এ দেশে বাস্তবোচিত পরিকল্পনা এখন পর্যন্ত একটাও দেখলাম না। তবে সরকার আন্তরিক। তারা সঠিক পথে আছে। কিন্তু সমস্যা অনেক। জ্বালানি সমস্যা নিরসনের জন্য কয়লা ছাড়া উপায় নেই। নিজস্ব কয়লার মধ্যে যে ভূত ঢুকেছে, তা বের করতে হবে। পাঁচ বছরের আগে কয়লাভিত্তিক কোনো কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব নয়।’পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল-ই-ইলাহী বলেন, দীর্ঘদিন ধরে জ্বালানি খাত অবহেলিত। এই খাতের উন্নয়ন না হলে লোডশেডিংমুক্ত বা ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা স্বপ্নই থেকে যাবে।ডিপিডিসির পরিচালক (প্রকৌশল) এ এস এম সিরাজউদ্দৌলা বলেন, সরকারি পরিকল্পনায় ২০১৩ সাল নাগাদ যে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়েছে, তার প্রায় দুই হাজার মেগাওয়াট হচ্ছে গ্যাসভিত্তিক। এই সময়ের মধ্যে যথেষ্ট গ্যাস পাওয়া না গেলে এই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না। আলোচনায় উপস্থাপিত মূল বক্তব্যে বছরভিত্তিক পরিকল্পনা উল্লেখ করে লোডশেডিংমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা আরও স্পষ্ট করা হয়েছে। সেখানেও বড় চ্যালেঞ্জ হিসেবে বিনিয়োগ, জ্বালানি ও ভর্তুকির কথা উল্লেখ করা হয়েছে।