লোডশেডিংয়ে চা-বাগানের উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ের কারণে ফটিকছড়ি উপজেলার চা-বাগানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। চা-বাগান সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কথা বলেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কোনো কোনো দিন মাত্র দু-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। যে কারণে চা-উৎপাদন ও বাগানে চয়নের কাজ ব্যাহত হচ্ছে। এতে চা-পাতার গুণগত মান কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এ বছর অনেক চা-বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
উপজেলার বারমাসিয়া চা-বাগানের ব্যবস্থাপক বাবুল বিশ্বাস বলেন, ১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই চা-বাগানে ১৭৮ ঘণ্টা বিদ্যুৎ ছিল। এখন পাতা চয়নের মৌসুম হলেও বিদ্যুৎ-সংকটের কারণে তা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে জেনারেটরের সাহায্যে বিদ্যুতের চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে।
কৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক শফিকুল আলম বলেন, এবার উৎপাদন ভালো হয়েছে। কিন্তু ভয়াবহ লোডশেডিংয়ের কারণে যথাযথভাবে প্রক্রিয়াজাতের কাজ করা যাচ্ছে না। তিনি বলেন, বর্তমানে ১০-১৫ মিনিট পর পর বিদ্যুৎ চলে যায়। এতে জেনারেটরগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির (২) ফটিকছড়ি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফকরুল আলম বলেন, ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে তাঁরা বিদ্যুৎ পান চার-পাঁচ মেগাওয়াট। এ জন্য তাঁদের লোডশেডিং দিতে হচ্ছে।
উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক শাহাবুল্লাহ সরকার জানান, প্রক্রিয়াজাত করতে না পারায় এবার তাঁদের বাগানের প্রায় দুই হাজার কেজি কাঁচা পাতা নষ্ট হয়ে গেছে। এ ছাড়া কোটি টাকা মূল্যের জেনারেটরও নষ্ট হয়ে গেছে।
কর্ণফুলী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। সকাল আটটায় বিদ্যুৎ গেলে দুপুরেও আসে না। এই অবস্থায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চা-শিল্পের বিকাশে বিরূপ প্রভাব পড়ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, গত অর্থবছরে ফটিকছড়িতে উৎপাদিত চা জাতীয় চাহিদার ১০ শতাংশ পূরণ করেছে। কিন্তু বর্তমানে যে বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে, তা কাম্য নয়। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও প্রভাব পড়ছে।