লোডশেডিংয়ে তিন উপজেলার গ্রাহকদের ভোগান্তি চরমে
খাগড়াছড়ির দীঘিনালা ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আওতাধীন দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু—এই তিন উপজেলায় এক ঘণ্টা পরপর লোডশেডিং হওয়ার কথা। সে হিসাবে গড়ে ১২ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ থাকার কথা থাকলেও সরবরাহ হচ্ছে গড়ে চার ঘণ্টা। সেই সঙ্গে আছে লো ভোল্টেজের সমস্যা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকেরা।
উপজেলার বোয়ালখালী, থানা বাজার, কবাখালীসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, জুন মাসের শুরু থেকেই প্রতিদিন বিদ্যুৎ আসা-যাওয়া করছে গড়ে ২০ বার। সব মিলিয়ে বিদ্যুতের স্থায়িত্ব থাকে গড়ে তিন-চার ঘণ্টার মতো। পবিত্র রমজানের সেহ্রি, ইফতার ও তারাবির নামাজের সময়ও বিদ্যুৎ থাকে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, এই উপকেন্দ্রের মাধ্যমে মেরামত, পরিচালনা ও সংরক্ষণ করা হয়। লোডশেডিং পরিচালনা করা হয় নাজিরহাট ও খাগড়াছড়ি থেকে। তিন উপজেলার জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে চার মেগাওয়াট। হাটহাজারী থেকে ১৩৫ কিলোমিটার দীর্ঘ লাইনের কারণে ৩৩ কেভির জায়গায় পাওয়া যায় ২১ কেভি ও ১১ কেভির জায়গায় ৮ কেভি করে। এ কারণে লো ভোল্টেজের সমস্যা এখন সবচেয়ে বেশি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রকি দাশগুপ্ত বলেন, বিদ্যুতের কারণে শ্বাসকষ্টের রোগীর নেবুলাইজার মেশিন, শিশুদের কফ অপসারণের সাকার মেশিন চালানো সম্ভব হয় না। পানি সরবরাহের মোটর প্রায় সময়ই বন্ধ থাকে। বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে পানি ওঠানো যায় না।
বোয়ালখালী জসিম অটো রাইস মিলের ব্যবস্থাপক সুনয়ন বড়ুয়া বলেন, বিদ্যুতের কারণে মিল চালু করা যায় না। বিদ্যুৎ এলেও থাকে ২০ থেকে ২৫ মিনিট, যা আবার লো ভোল্টেজ।
পিডিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, খাগড়াছড়ির বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ১৩৫ কিলোমিটার দূরের হাটহাজারী রিয়েল উপকেন্দ্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই রিয়েল উপকেন্দ্রের আওতায় ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন পাঁচটি উপকেন্দ্র আছে, এগুলোর মাধ্যমেই জেলার আটটি ও রাঙামাটির তিনটি উপজেলায় বিদ্যুতের সরবরাহ হয়। রিয়েল উপকেন্দ্রে কোনো যান্ত্রিক ও প্রাকৃতিক সমস্যা দেখা দিলে ১১টি উপজেলার বিদ্যুৎ সঞ্চালনই পুরো বন্ধ হয়ে যায়। জেলায় বিকল্প ব্যবস্থা না থাকায় ১৩৫ কিলোমিটারের এলাকায় শত শত খুঁটির মধ্যে কোনো একটির ইনসুলেটর (খুঁটিতে বিদ্যুতের তার আটকানোর চীনামাটির তৈরি খাপ) ভেঙে গেলে উপকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। তখন প্রতিটি ইনসুলেটর পরীক্ষা করে ত্রুটি বের করতে হয়। এ কারণে এক থেকে দুই দিন পর্যন্ত বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকে।
দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্নমানিক চাকমা বলেন, ‘মাত্র চারজন লোকবল দিয়ে কীভাবে কারিগরি ও মাঠপর্যায়ে কাজ চালাব? আর ১৩৫ কিলোমিটার লাইনে বিদ্যুৎ সরবরাহের কারণেই ভোল্টেজের সমস্যা হচ্ছে। গ্রাহকেরা বিদ্যুতের জন্য যে ভোগান্তি পোহাচ্ছেন, আমরাও একই ভোগান্তি পোহাচ্ছি।’