লোডশেডিংয়ের প্রতিবাদে অবরোধ হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বুধবার দিনাজপুর ও চট্টগ্রামে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রায়পুরে চলছে ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের প্রথম দিন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কয়েক দফা ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
গতকাল লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এ সময় শতাধিক যানবাহন দুই পাশে আটকা পড়ে। এতে যাত্রীরা ব্যাপক দুর্ভোগের শিকার হয়। পরে পুলিশ চার ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
এদিকে জেলার রায়পুরে হরতালের প্রথম দিন নতুন বাজারের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কয়েক দফা ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা। ক্ষুব্ধ লোকজন বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের রায়পুর প্রধান সড়ক অবরোধ করেন। রায়পুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়।
জেলার রামগতির পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের নৈশপ্রহরী রতিকান্ত বণিক জানান, গত মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ৩০-৪০ জন লোক কার্যালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। তারা অভিযোগ কেন্দ্রের কক্ষে ঢুকে চেয়ার, আসবাব এবং জরুরি কাগজপত্র বের করে কার্যালয়ের সামনে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
পল্লী বিদ্যুতের ক্ষতিগ্রস্ত রামগতি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (নিপর) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করা হবে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও অক্সিজেন-হাটহাজারী সড়কের বালুচড়া এলাকায় অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মিরসরাই এলাকায় মহাসড়ক অবরোধ করেন গ্রাহকেরা। পরে পৌর মেয়র তাহের ভূঁইয়ার আশ্বাসে মিরসরাইয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ গ্রাহকেরা।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পরিচালক মো. আলী আহসান লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, গ্রাহকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অক্সিজেন-হাটহাজারী সড়কে অবরোধের কারণে গতকাল সন্ধ্যা সাতটা থেকে সাতটা ৪০ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এ সময় তিন পার্বত্য জেলায় ঘরমুখী যাত্রীরা দুর্ভোগে পড়ে। মাহফুজুর রহমান নামের এক যুবক প্রথম আলোকে জানান, দিনে ১২ ঘণ্টার মধ্যে নয় ঘণ্টাই বিদ্যুৎ ছিল না। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, পুলিশ রাস্তা থেকে ভ্যানসহ বিভিন্ন গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিদ্যুতের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও এবং দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। বীরগঞ্জ পৌরসভার কয়েকজন বাসিন্দা জানান, লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী উপজেলা পরিষদ ঘেরাও করে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর অফিস এবং লক্ষ্মীপুর, রায়পুর ও রামগতি প্রতিনিধি।