লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের তিন শতাধিক ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ পাইলট হাইস্কুল রোড এলাকা থেকে মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে গিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পল্লী বিদ্যুতের কার্যালয় প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখেন। ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোতালেব মোল্লা, ব্যবসায়ী ওবায়দুল্লাহ আল-আজাদ, নজরুল ইসলাম, খোকন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলায় সারা দিনে মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ থাকে। এর ফলে কলকারখানা, অফিস-আদালত, কৃষি ও গৃহস্থালির যাবতীয় কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে উপজেলায় আনুপাতিক হারে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) রাম শংকর রায় বলেন, ফরিদপুরে রাতে ৩৫-৩৬ মেগাওয়াট এবং দিনে ২৪-২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৪ ও ৮ মেগাওয়াট। ফলে সারা জেলায়ই বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে।