লোডশেডিংয়ের যন্ত্রণায় বিপর্যস্ত জনজীবন
প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন নীলফামারী ও রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দারা। লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নীলফামারী স্টাফ কোয়ার্টারের কাছে অবস্থিত বিদ্যুতের সাব-স্টেশন কার্যালয়ে গত সোমবার রাতে হামলা চালিয়েছেন এলাকাবাসী। এদিকে বদরগঞ্জ উপজেলায় বিদ্যুতের অভাবে সেচ দিতে না পেরে আমন আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা।
নীলফামারী বিদ্যুৎ বিভাগ বলছে, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম হওয়ায় এবং সিস্টেম মনিটরিং কক্ষ স্কাডা ঢাকা থেকে বন্ধ করে দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বন্ধ করা হলে তা কখন আসবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছু জানাতে পারছেন না।
নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গোটা জেলায় জনদুর্ভোগের পাশাপাশি শিল্পকারখানা-গুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নীলফামারী স্টাফ কোয়ার্টারের কাছে অবস্থিত বিদ্যুতের সাব-স্টেশন কার্যালয়ে গত সোমবার হামলা চালান এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা স্বীকার করে নীলফামারী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল আহম্মেদ বলেন, সরবরাহ কম হওয়ার কারণে লোডশেডিং দিতে হচ্ছে। তার ওপর আবার স্কাডা থেকে হঠাৎ করে লাইন বন্ধ করা হচ্ছে। ২২ সেপ্টেম্বর স্কাডা থেকে চারবার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, পিক আওয়ারে যখন বিদ্যুতের প্রয়োজন ১৬ মেগাওয়াট, তখন বরাদ্দ দেওয়া হচ্ছে ১১-১২ মেগাওয়াট। এ দিয়েই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। শুধু নীলফামারী জেলার সংযোগটি স্কাডার আওতায় থাকায় সমস্যাটা এখানে বেশি হচ্ছে বলে জানান তিনি।
বদরগঞ্জের বাসিন্দারা জানান, ভ্যাপসা গরমের মধ্যে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় উপজেলাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বৃষ্টি না হওয়ায় আমন খেত পানিশূন্য হয়ে পড়েছে। এদিকে বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে না পেরে আমন আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। দিনে ও রাতে পাঁচ ঘণ্টা করেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
উপজেলার আমরুলবাড়ি গ্রামের কৃষক আমিনুল হক বলেন, দিনের বেলায় গড়ে দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। রাতে পাওয়া যায় দুই-তিন ঘণ্টা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গত সোমবার তাঁদের গ্রামের কৃষক শহিদুল হকের বৈদ্যুতিক মোটর পুড়ে গেছে বলে জানান তিনি।
ট্র্যাক্সেরহাট গ্রামের বিদ্যুৎ গ্রাহক মোহসিন আলী বলেন, ‘গরমে জীবন যায় যায় অবস্থা। এই সময়ে ওরা (বিদ্যুৎ কর্তৃপক্ষ) হামাদের সাথে শয়তানি শুরু করছে।’
রাধানগর খামারপাড়া গ্রামের কৃষক মহেবুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে আমন চাষ করা হয়। এবার আবাদের শুরু থেকেই তেমন বৃষ্টি নেই। ফলে সেচনির্ভর হয়ে পড়েছে আমন আবাদ। কিন্তু বিদ্যুতের অভাবে কৃষকেরা সেচও দিতে পারছেন না।
পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-২-এর বদরগঞ্জ এলাকার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন বলেন, ‘উপজেলায় দৈনিক গড়ে ১৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু এর বিপরীতে দুই দিন ধরে বরাদ্দ পাওয়া যাচ্ছে গড়ে তিন মেগাওয়াট বিদ্যুৎ। এ কারণে লোডশেডিং দিতে হচ্ছে। কবে নাগাদ সমস্যার সমাধান হবে, তা বলা মুশকিল বলে জানান তিনি।