লোডশেডিংয়ে অতিষ্ঠ জীবন আমনে সেচ-সংকট
দিনে প্রখর রোদ, তীব্র দাবদাহ। রাতে ভ্যাপসা গরম। সঙ্গে লোডশেডিং। সব মিলিয়ে জনজীবন অতিষ্ঠ। লোডশেডিংয়ের কারণে আমনের খেতে সেচ-সংকট দেখা দিয়েছে। উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানাতেও।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সৈয়দপুরে এক সপ্তাহ ধরে লোডশেডিং তীব্রতর হয়েছে। দিনরাতে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় কার্যালয় সূত্রে জানা যায়, শিল্প-বাণিজ্যসমৃদ্ধ সৈয়দপুরে বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট। অথচ সরবরাহ মিলছে মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুতের। ফলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
তাই বিসিক শিল্প নগরীসহ ছোট-বড় শিল্পকারখানায় উৎপাদন বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন কারখানার কর্মঘণ্টার অপচয় হচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে কারখানার মালিকদের।
ইকু জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম বলেন, অব্যাহত লোডশেডিংয়ের কারণে কারখানায় প্রতিদিন অন্তত দুই
হাজার শ্রমিকের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে ক্রমেই লোকসানের পাল্লা ভারী হচ্ছে।
রয়ালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী রাজকুমার পোদ্দার বলেন, তাঁদের কারখানায় আগে প্রতিদিন প্রেশারকুকারসহ পাঁচ শতাধিক তৈজসপত্র তৈরি হতো। লোডশেডিংয়ের কারণে তা দেড় শর নিচে নেমে এসেছে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন না হলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
পিডিবির সূত্রমতে, সৈয়দপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ফুলবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র ও ঠাকুরগাঁওয়ে ৫০ মেগাওয়াটের একটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এ সম্পর্কে পিডিবির সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং হচ্ছে। কিছুদিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে উঠবে।
এদিকে রংপুরের দুই উপজেলা বদরগঞ্জ ও তারাগঞ্জে ১৫ দিন ধরে লোডশেডিং দুর্বিষহ মাত্রায় বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামগঞ্জে বিদ্যুৎ থাকে না বললেই চলে। এতে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ।
বদরগঞ্জের আমরুলবাড়ি গ্রামের গৃহিণী মমতা বেগম বলেন, যেকোনো সময় লোডশেডিং হচ্ছে। ১৫ দিন ধরে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। বাচ্চাটার ঠিকমতো পড়াশোনাও হচ্ছে না।
উপজেলার রামনাথপুর ট্যাক্সেরহাট গ্রামের এমদাদুল হক (৪৫) বলেন, ‘দেনোত তো বিদ্যুৎ থাকেয় না। রাইত ১২টার পর আসিয়া ঘুম ধরা মাত্র ফির চলি যায়। যে গরম আর রোইদ শুরু হইছে, ফ্যান না চলায় ঠিক মোতন ঘুমবার পারোছি না।’
পাঠানপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘গরম আর রোইদোতে পানি না পায়া ধানের গাছ শুকি যাওচে। ভূঁই ফাটি গেইছে। সেচ দেওয়া জরুরি। কিন্তুক বিদ্যুৎ না থাকায় মটার (মোটর) চালায়ে জমিত পানিও দিবার পাওচি না।’
বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী নাঈম বিল্লাহ বলেন, এ উপজেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে সাত মেগাওয়াট। তবে বর্তমানে পাওয়া যাচ্ছে গড়ে মাত্র তিন মেগাওয়াট।
তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, যখন গরম বাড়ে, তখন লোডশেডিংও বাড়ে। বৈদ্যুতিক পাখা না চলায় ভ্যাপসা গরম আর রোদে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
উপজেলার দোলাপাড়া গ্রামের সেচপাম্প মালিক হামিদুল ইসলাম বলেন, ‘একে তো বৃষ্টি নাই, তার মধ্যে থাকে না বিদ্যুৎ। আমরা বিপদে পড়েছি আমন ধান নিয়ে। বিদ্যুতের অভাবে জমিতে ঠিকভাবে সেচ পর্যন্ত দেওয়া যাচ্ছে না।’
গতকাল সোমবার তারাগঞ্জের পল্লী বিদ্যুৎ কার্যালয়ে কর্তব্যরত লাইনম্যান মো. জনি বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রতিদিন গড়ে ৮ মেগাওয়াট। তবে তিন দিন গড়ে দুই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পিডিবিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সেখানে কর্মচারীরা আন্দোলন করছেন। তাই স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সৈয়দপুর (নীলফামারী), বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।