লোডশেডিংয়ে অতিষ্ঠ নীলফামারীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন নীলফামারীর বাসিন্দারা। বিদ্যুতের সরবরাহ কম ও সরবরাহ লাইনের ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।জেলার একাধিক বাসিন্দা জানান, গ্রামে দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। জেলা শহরে কিছুটা বেশি পাওয়া গেলেও দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল শহরবাসী। পাশাপাশি উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কল-কারখানায়। পিডিবি বলছে, শহরে দিনে-রাতে গড়ে চার ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। তবে বাসিন্দারা বলছেন ভিন্ন কথা।নীলফামারী শহরের মাস্টারপাড়া মহল্লার গৃহিণী লাকি বেগম বলেন, ‘কয়েক দিন ধরে লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছি। ঘণ্টায় পাঁচবার বিদ্যুৎ যায়, পাঁচবার আসে। ঘণ্টায় ১০ মিনিটও বিদ্যুৎ থাকে না। একটু বাতাস বা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। অভিযোগ করলে বলে লাইনে ফল্ট হয়েছে।’ তিনি জানান, ১৭ আগস্ট ২৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে।নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। গভীর রাতেও লোডশেডিং হচ্ছে। এ কারণে শিল্প কল-কারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে।নীলফামারীতে পিডিবির নির্বাহী প্রকৌশলী রুবেল আহমেঞ্চদ জানান, জেলায় পিডিবির চাহিদা ১৬ মেগাওয়াটের বিপরীতে ১১-১২ মেগাওয়াট পাওয়া যাচ্ছে। সে কারণে লোডশেডিং দিতে হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড গরমের কারণে ফিডারগুলোতে বেশি লোড দেওয়া যাচ্ছে না। এসব কারণে ট্রান্সফরমারের এইচটি ফিউজ পুড়ে যাচ্ছে। যতবার ওই ফিউজ পুড়ে, ততবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এ ছাড়া লোড বেশি হলে ঢাকায় সিস্টেম মনিটরিং কক্ষ (স্কাডা) থেকেও সরাসরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। সে কারণে লোডশেডিং একটু বেড়েছে।পিডিবির কর্মকর্তা বলেন, বিদ্যুতের চাহিদা বেড়েছে। সরবরাহও বাড়ানো হয়েছে। কিন্তু যন্ত্রপাতি পুরোনো রয়েছে। সেগুলো আধুনিকীকরণের কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে।