লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ে অতিষ্ঠ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লোকজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গত রোববার রাতে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌর শহর ও ১০টি ইউনিয়নের গ্রাহক সংখ্যা প্রায় ২৩ হাজার। এ জন্য প্রতিদিন কমপক্ষে ১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র দুই থেকে তিন মেগাওয়াট। এ কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। হামলাকারীরা জানান, বিদ্যুৎ থাকে দুই ঘণ্টা, লোডশেডিং হয় চার ঘণ্টা। তাই ক্ষুব্ধ লোকজন রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের নতুনবাজার এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয়ে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা জানালার কাচ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।