লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রাতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ-বিভ্রাটে সিলেট নগরবাসী নাকাল হয়ে পড়েছে। নগরের অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, কোনো কোনো এলাকায় ঘণ্টায় পাঁচ-সাতবার বিদ্যুৎ আসা-যাওয়া করে।নগরের ভাতালিয়া এলাকার শাহীন আহমদ নামের এক ব্যক্তি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁর এলাকায় বিদ্যুৎ এত বেশি যাওয়া-আসা করে যে বোঝার উপায় নেই, এটা লোডশেডিং, না বিদ্যুৎ-বিভ্রাট।দাড়িয়াপাড়ার ব্যাংক কর্মকর্তা তরুণ ঘোষ আশঙ্কা প্রকাশ করে বলেন, শেষে কিনা বিদ্যুতের জন্য বড় কোনো অঘটন ঘটে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।শেখঘাট এলাকার গৃহিণী তানজিনা আক্তার বলেন, বিদ্যুৎ থাকে না, তাই বাসায় অনেক সময় পানি থাকে না। কখনো কখনো বাজার থেকে বোতলজাত পানি কিনে রান্নাবান্নার কাজ করতে হয়। এই পানি দিয়েই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়।সেনপাড়া এলাকার কলেজছাত্রী আলপনা রায় বলেন, অসহ্য গরম। অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এ পরিস্থিতিতে পড়াশোনা করা দুরূহ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিয়ন্ত্রণে তিনটি ডিভিশনে পৃথক চারটি সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এই তিনটি ডিভিশনে প্রতিদিন ৭০ থেকে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।বিদ্যুতের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সিলেট বিভাগের চার জেলায় মোট এক হাজার ৮২০টি ট্রান্সফরমার রয়েছে। ২৫০ কেভি ক্ষমতার এসব ট্রান্সফরমারের মধ্যে প্রায় অর্ধশতাধিক ত্রুটিপূর্ণ। এর ওপর রয়েছে চোরের উৎপাত। ত্রুটিপূর্ণ ট্রান্সফরমার সারানোর সময় বিদ্যুৎ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হয়।পিডিবির সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, ট্রান্সফরমার সারানো কিংবা নতুন ট্রান্সফরমার স্থাপনের কারণে সৃষ্ট বিদ্যুৎ-বিভ্রাট দূর করতে একটু সময় লাগছে ঠিকই। তবে এ সংকট নিরসনের চেষ্টাও চলছে।