লোডশেডিংয়ে বিপাকে সেচপাম্প মালিকেরা
নীলফামারীতে এই প্রচণ্ড গরমে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়া ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন জেলাবাসী, বিপাকে পড়েছেন সেচপাম্প মালিকেরা, ব্যাহত হচ্ছে কলকারখানায় উৎপাদন।
বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুৎ সরবরাহ কম ও সঞ্চালন লাইনে ত্রুটি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সদরের হাড়োয়া গ্রামের কৃষক আবদুল মানিক গত বুধবার দুপুরে বলেন, ‘সেচের আওতায় ১৫ বিঘা জমিতে বোরো চাষ করেছি। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ে জমিতে প্রয়োজনীয় সেচ দেওয়া যাচ্ছে না। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার ফলে গত দুই মাসে আমার সেচপাম্পের মোটর তিনবার জ্বলে গেছে। এই এলাকায় অন্তত ৫০টি সেচপাম্প চলে, সবার অবস্থা একই রকম।’
টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের সেচপাম্প মালিক ও কৃষক মাহাতাব উদ্দিন (৫৫) বলেন, ‘আমার সেচপাম্পের আওতায় নিজস্ব ১৫ বিঘাসহ ৩০ বিঘা জমিতে সেচ দিই। চৈত্র মাস থেকে বিদ্যুতের সমস্যা শুরু হয়েছে। দিনে-রাতে ১০ থেকে ১২ বার বিদ্যুৎ যায় আর আসে। দিনের বেলা ভোল্টেজ কম পাওয়া যায়। একটা মেশিন চললে আরেকটা বন্ধ রাখা লাগে। কম ভোল্টেজ ও হঠাৎ বিদ্যুৎ যাওয়া-আসায় মেশিন নষ্টও হচ্ছে।’
সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জের সামসুল অটোরাইস মিলের স্বত্বাধিকারী সামসুল হক বলেন, ‘তিন মাস ধরে বিদ্যুতের খুবই সমস্যা চলছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিদ্যুতের আসা-যাওয়া ও লো-ভোল্টেজে মিল চালানো যাচ্ছে না। পুড়ে যাচ্ছে মোটর। জরুরি ভিত্তিতে এর সমাধান না হলে মিলকারখানা বন্ধ হয়ে যাবে।’
নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ সরকার বলেন, ‘আমাদের গোটা জেলায় বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট, কিন্তু সৈয়দপুরে ১৮ কিলোমিটার ৩৩ কেভি সরবরাহ লাইনটি পুরোনো হওয়ায় সাড়ে ১৭ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ওই সঞ্চালন লাইনে নেওয়া যাচ্ছে না। কখনো ঢাকা থেকে স্বয়ংক্রিয়ভাবে লাইন বন্ধ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সেচ মৌসুম ও গরমে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নৌপরিবহন ধর্মঘট চলায় জ্বালানির অভাবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও উৎপাদন স্বাভাবিক হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগবে। এখন আমরা ১০ থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সদরসহ পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে লোডশেডিং দিয়ে সরবরাহ দিচ্ছি।’