লোডশেডিংয়ে ভোগান্তিতে আট উপজেলার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আট উপজেলার ১৫ লাখ মানুষ এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়েছে। ঈদের আগে লোডশেডিংয়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা, নগরকান্দা, সালথা, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় দিন-রাত মিলিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে। তবে ফরিদপুর সদর উপজেলায় লোডশেডিং কম।
মধুখালী বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঈদুল আজহার আগে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। ফরিদপুরের ধুলদি গ্রিডে সমস্যা ও উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে।
বোয়ালমারী সদরের কামারগ্রাম মহল্লার রাসেল আহমেদ বলেন, বিদ্যুৎ না থাকায় মোটর দিয়ে ট্যাংকে পানি তোলা যায় না। দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তাই রেফ্রিজারেটরের খাবারও নষ্ট হয়ে যাচ্ছে।
সালথার রঘুয়ারকান্দি গ্রামের নূরুল ইসলাম বলেন, রাতে বিদ্যুৎ একপ্রকার থাকেই না।
নগরকান্দার কলেজপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, প্রতি তিন ঘণ্টা পরপর ৩০ মিনিটের জন্য বিদ্যুৎ আসে।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) ফরিদপুর-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল ওহাব বলেন, ‘কিছুদিন আগে ঝড়ে ফরিদপুরের বিভিন্ন উপজেলার বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে এখন সমস্যায় পড়তে হচ্ছে। এ ছাড়া তিন দিন আগে গ্রিডের ট্রান্সফরমার নষ্ট হওয়ায় দু-তিন দিন বিদ্যুতের সমস্যা হয়েছে। গতকাল (মঙ্গলবার) ট্রান্সফরমারটি সচল করা হয়েছে। আশা করছি, দ্রুতই লোডশেডিং সমস্যার সমাধান হবে।’