লোডশেডিংয়ে মরছে ৫০ হ্যাচারির চিংড়ি
লোডশেডিংয়ের কারণে কক্সবাজার সমুদ্র উপকূলের ৫০টি হ্যাচারিতে প্রতিদিন কয়েক লাখ চিংড়িপোনা মরছে। পাশাপাশি হ্যাচারিগুলোয় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে দেশে চিংড়ি উৎপাদনে এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে দেশের চিংড়িপোনার চাহিদা পূরণের লক্ষ্যে কক্সবাজার শহরের সমুদ্র উপকূলের কলাতলী, উখিয়া উপজেলার সোনারপাড়া ও ইনানী এবং টেকনাফ উপজেলার সমুদ্রসৈকতে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগে বাগদা চিংড়িপোনা উৎপাদনে ৫০টি হ্যাচারি স্থাপন করা হয়। এসব হ্যাচারিতে উৎপাদিত পোনা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ সারা দেশে সরবরাহ করা হয়। কিন্তু উৎপাদনের ভর মৌসুমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে হ্যাচারিগুলোয় একদিকে যেমন প্রক্রিয়াধীন থাকা অসংখ্য চিংড়ি পোনার মৃত্যু হচ্ছে, তেমনি বেঁচে যাওয়া পোনাগুলোও দুর্বল হচ্ছে। চিংড়ি পোনা দুর্বল প্রকৃতির হওয়ায় বাজারে এই পোনার ভালো দামও পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের এক হ্যাচারি মালিক জানান, আগে হ্যাচারিতে উৎপাদিত প্রতিটি চিংড়িপোনা ৩০ পয়সায় বিক্রি হতো। আর এখন পাঁচ-ছয় পয়সায়ও অনেকে কিনতে রাজি হন না। কারণ, চাষিরা ধরে নিচ্ছেন, দুর্বল প্রকৃতির এই পোনা ঘেরে ছাড়া হলে পরে ভাইরাস-আক্রান্ত হয়ে পুরো ঘেরই ধ্বংস হবে। সূত্র আরও জানায়, দেশে প্রতি মৌসুমে প্রায় এক হাজার কোটি পোনার চাহিদা রয়েছে। আর কক্সবাজারের হ্যাচারিগুলোতেই উৎপাদিত হচ্ছে প্রায় ৯০০ কোটি পোনা। এখানে পোনা উৎপাদন ব্যাহত হওয়ায় চিংড়ি চাষে ধস নামার আশঙ্কা রয়েছে। সোনারপাড়া বলাকা হ্যাচারির পরিচালক মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় হ্যাচারিতে দুই-তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এ কারণে চাহিদা অনুযায়ী পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না। আর জেনারেটর চালিয়ে হ্যাচারিতে পোনা উৎপাদনে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে পোনার বাজার মূল্য কম হওয়ায় হ্যাচারি মালিকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) মহাসচিব রইচ উদ্দিন জানান, লোডশেডিংয়ের কারণে প্রতিদিন ৫০টি হ্যাচারিতে গড়ে পাঁচ-ছয় লাখ পোনা মারা যাচ্ছে। হ্যাচারিগুলোয় দৈনিক বিদ্যুতের চাহিদা তিন থেকে সাড়ে তিন মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আধা থেকে এক মেগাওয়াটের বেশি বিদ্যুৎ দিতে পারছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আলম জানান, জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে ৩৪ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ১২ থেকে ১৪ মেগাওয়াট। ফলে ঘাটতি পুষিয়ে নিতে লোডশেডিং করতে হচ্ছে। সেব-এর উপদেষ্টা ও হ্যাচারি মালিক মো. ইউনুস চৌধুরী জানান, দেশের চাহিদার ৯৫ ভাগ পোনা কক্সবাজারের হ্যাচারিগুলো পূরণ করে। দেশের চিংড়ি খাত এই পোনার ওপর নির্ভরশীল। তাই হ্যাচারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত জরুরি।