লোডশেডিংয়ে সেচ ব্যাহত বোরোর জমি চৌচির
প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিদ্যুৎ না থাকায় বোরোর জমিতে সেচ দিতে পারছেন না কৃষক। জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ধানগাছ যাচ্ছে শুকিয়ে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:হাকিমপুর (দিনাজপুর): পল্লীবিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বোরোর জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। জমি ফেটে যাচ্ছে। ধানগাছও শুকিয়ে যাচ্ছে। বর্তমানে উপজেলায় দিনরাত মিলিয়ে ১২ থেকে ১৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি বোরো মৌসুমে সাত হাজার হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে বিদ্যুতচালিত গভীর ও অগভীর যন্ত্র রয়েছে ৩৮১টি এবং ডিজেলচালিত যন্ত্র রয়েছে ৮১৫টি। রায়ভাগ গ্রামের কৃষক কবির উদ্দিন বলেন, ‘এবার শীতে তীব্র শৈত্যপ্রবাহের কারণে বীজতলা নষ্ট হয়। উচ্চমূল্যে বীজ কিনে আবাদ করেছি। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আবাদ নিয়ে চিন্তিত আছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মনোয়ার হোসেন বলেন, উপজেলা সমন্বয় কমিটির গত সভায় লোডশেডিংয়ের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত বিদ্যুৎব্যবস্থার কোনো উন্নতি হয়নি। রাতে আরও বেশি লোডশেডিং করা হচ্ছে। পানি না থাকায় জমি ফেটে যাচ্ছে। নওগাঁ: জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় পল্লীবিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে চলতি মৌসুমের বোরো চাষ হুমকির মুখে পড়েছে। সেচের অভাবে অধিকাংশ এলাকায় খেতের পানি শুকিয়ে ধানগাছ নষ্ট হয়ে যাচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম নুরুজ্জামান মণ্ডল জানান, চলতি মৌসুমে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় ২৭ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। ধান চাষের পর কৃষকেরা পরিচর্যায় ব্যস্ত সময় কাটালেও মৌসুমের শুরুতেই এই তিন উপজেলায় দেখা দিয়েছে বিদ্যুতের বিপর্যয়। অধিকাংশ সময় চলছে পল্লীবিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজ। এ কারণে ব্যাহত হচ্ছে ধান চাষ।নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) নুরুর রহমান জানান, গত বছর বোরো চাষে বিদ্যুতের সমস্যা ছিল না। কিন্তু এবার ভরা মৌসুম শুরু হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি না করায় কৃষকেরা বিপাকে পড়েছেন।বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারায় গ্রাহকের সংখ্যা বাড়লেও বিদ্যুতের সরবরাহ সে অনুপাতে বাড়ানো হয়নি। এ উপজেলায় যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা দিয়ে ছয় হাজার গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু এখানে গ্রাহক আছে সাড়ে ৩১ হাজার। এ কারণে এ উপজেলায় ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এতে গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে বোরো খেতে সেচ দিতে সমস্যা হচ্ছে কৃষকদের।নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বাগমারায় আবাসিক, অনাবাসিক, বাণিজ্যিক ও সেচপাম্প নিয়ে গ্রাহকসংখ্যা ছিল ১৯ হাজার ৯৫৫। ওই সময় বোরো মৌসুমে বিদ্যুতের সরবরাহ ছিল তিন থেকে পাঁচ মেগাওয়াট। বর্তমানে গ্রাহকসংখ্যা দেড়গুণ বাড়লেও সরবরাহ আছে আগের মতোই। নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক একরামুল হক জানান, গ্রাহকসংখ্যা বাড়ায় বর্তমানে বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট। গত বছর এ চাহিদা ছিল ১৮ মেগাওয়াট। এ বছর সর্বোচ্চ পাঁচ-ছয় মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।