লোডশেডিংয়ের কবলে এসএসসি পরীক্ষার্থীরা
লোডশেডিংয়ের কারণে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা অন্ধকারে ডুবে থাকছে। এসব উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তাঁরা পরীক্ষার্থীদের ভালো ফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।বিরামপুরের কলেজবাজার এলাকার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী সরোয়ার হোসেন জানায়, শনিবার রাতেও লোডশেডিংয়ের কারণে বইয়ের পড়া ভালো করে রিভিশন দিতে পারেনি। ফলে গতকাল রোববার তার বাংলা প্রথম পত্র পরীক্ষা আশানুরূপ হয়নি। একই ধরনের কথা জানায় উপজেলার দিওর ইউনিয়নের মানুষমুরা গ্রামের মানবিক বিভাগের পরীক্ষার্থী শামীমা আক্তার।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের অধীন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, পার্বতীপুর ও ফুলবাড়ী—এই ছয় উপজেলায় এ সময় বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট। কিন্তু তারা পাচ্ছে ২১ মেগাওয়াট। বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এই তিনটি উপজেলায় প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছে।বিরামপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, পরীক্ষার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা বলেন, ‘গত বছরের চেয়ে নবাবগঞ্জে এবার লোডশেডিং বেশি।’ ঘোড়াঘাটের রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘ঘোড়াঘাটে বিদ্যুৎ যেন সোনার হরিণ।’রাণীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আ স ম তাহের নোমানের বাবা মোশারফ হোসেন বলেন, ‘গাঁওত কারেন্ট থাকে না। ছোলটা রাতোত পড়বা পারে না। তাই ছোলটাক শহরোত (ঘোড়াঘাটের রাণীগঞ্জে) হোস্টোলোত থোনো। এখন শোনোছি এটেও কারেন্ট থাকে না।’ একই ধরনের কথা বলেন আরেক পরীক্ষার্থীর অভিভাবক তোজাম্মেল হক।বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ, নবাবগঞ্জের জহুরুল হক এবং ঘোড়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল হাসান জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে এই তিন উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, সামনের দিনগুলোতে বিদ্যুতের চাহিদা বাড়বে। তখন লোডশেডিংও বাড়বে। অন্যান্য সময়ের চেয়ে সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা বেশি থাকায় ওই সময় বিদ্যুতের লোডশেডিংও বেশি হয়। তাই বিদ্যুতের পাশাপাশি বিকল্প ব্যবস্থায় পরীক্ষার্থীদের পড়ালেখা করার পরমর্শ দেন তিনি।