লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বার বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা গত শুক্রবার রাতে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে। এদিকে এ ভাঙচুরের ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১ আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম জাহিদুল ইসলাম বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মামলার বাদী এ কে এম জাহিদুল ইসলাম দাবি করেন, ভাঙচুরের ঘটনায় বিদ্যুৎ অফিসের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনে চার ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। তারপরও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। তা ছাড়া প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। এ অবস্থায় ক্ষুব্ধ জনতা শুক্রবার রাত সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ক্ষুব্ধ জনতা দেবীদ্বার বিদ্যুৎ অফিসে গিয়ে হামলা চালায়। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরে এই ভাঙচুরের ঘটনায় বিক্ষোভরত এক ব্যক্তিকে গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ তাদের শান্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার উল্লাহ জানান, বিদ্যুতের দাবিতে জনতার বিক্ষোভের সুযোগে একদল সন্ত্রাসী বিদ্যুৎ অফিস ভাঙচুর করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মো. আল-আমীনকে (২৪) গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার তাঁকে আদালতে চালান দেওয়া হয়েছে।