মাদারীপুর শহরে এক সপ্তাহ ধরে অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল সোমবার শহরের পুরানবাজার এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী স্থানীয় বিদ্যুৎ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। ভাঙচুর ও সংঘর্ষের মধ্য দিয়ে মাদারীপুর বণিক সমিতির ডাকা এই কর্মসূচি শেষ হয়। সড়ক অবরোধ করায় পরিবহনশ্রমিকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় তিন ব্যবসায়ীকে আটক করে পুলিশ।এদিকে বণিক সমিতির নেতাদের সঙ্গে বাজে আচরণ ও তাঁদের হুমকি দেওয়ার অভিযোগে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের অপসারণ দাবি করেছেন বণিক সমিতির নেতারা। এই দাবিতে শহরে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে মাদারীপুর শহরে ১০ মিনিট থেকে আধা ঘণ্টা পরপর লোডশেডিং করা হচ্ছিল। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে স্থানীয় বণিক সমিতি। গত রোববার মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। গতকাল একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করে। তারা সেখানে অবস্থান করতে চাইলে পুলিশ ও বণিক সমিতির নেতারা তাদের শান্ত করে মিছিলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানে সড়ক অবরোধ করার ঘটনায় বাধা দেন মাদারীপুরের পরিবহনশ্রমিকেরা। এতে উত্তেজিত হয়ে বিক্ষোভকারীরা তিনটি বাসের জানালার কাচ ভাঙচুর করে। পরিবহনশ্রমিকদের হামলায় আহত তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভাঙচুরের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে পরিবহন মালিক-শ্রমিকদের শান্ত করা হয়। শহরের বাসস্ট্যান্ড ও পুরানবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়াসহ অন্য নেতাদের সঙ্গে বাজে আচরণ করেছেন অভিযোগ এনে বেলা একটার দিকে দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকিং করে বণিক সমিতি। অতিরিক্ত পুলিশ সুপারের অপসারণের দাবিতে দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন সমিতির নেতারা।মাদারীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজান হাওলাদার জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় সড়ক অবরোধ করে রাখা হয়। লোকাল গাড়ি নির্দিষ্ট সময়ে কাউন্টারে না পৌঁছালে জরিমানা করা হয়। তাই গাড়িগুলো অবরোধ উপেক্ষা করে বাসস্ট্যান্ডে যেতে চাইলে চারটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়া অভিযোগ করেন, অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম ব্যবসায়ী-নেতাদের কটু কথা বলেন এবং মিথ্যা মামলার মাধ্যমে নির্যাতনের হুমকি দেন। তাই তাঁকে অপসারণ না করা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে বণিক সমিতির নেতাদের বলেছি, এ ঘটনার দায়দায়িত্ব আপনাদের নিতে হবে। এ সময় তাঁরা উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।’ পুরানবাজারের ব্যবসায়ী অলিউল আহসান বলেন, ‘১০ মিনিট বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা লোডশেডিং চলে। বিদ্যুৎ আসার পাঁচ মিনিট পর আবার লোডশেডিং। এক সপ্তাহ ধরে জনগণ চরম অতিষ্ঠ ছিল। তাই সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছে।’মাদারীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহাব জানান, আশুগঞ্জের একটি ইউনিটে সমস্যা থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছিল। তাই গত সাত দিন লোডশেডিং বেশি ছিল। রোববার সেই সমস্যার সমাধান হয়েছে। গতকাল থেকে লোডশেডিংও কমে গেছে।