লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্রে হামলা, চার ছাত্র গ্রেপ্তার
ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার বিদ্যুৎ উত্পাদন কেন্দ্রে বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বগুড়া সরকারি আযিযুল হক কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই কলেজের চার ছাত্রকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া চার ছাত্র হচ্ছেন—নাটোরের গুরুদাসপুরের শহিদুল ইসলাম, পাবনার আটঘরিয়ার ফখরুল ইসলাম, সিরাজগঞ্জের তাড়াশের শফিকুল ইসলাম ও বগুড়ার গাবতলী উপজেলার জয়নাল আবেদীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুরান বগুড়াসহ আশপাশের এলাকায় বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অনেক ছাত্র বসবাস করে। লোডশেডিংয়ের প্রতিবাদে তারা বিদ্যুৎ কেন্দ্রের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। একই সময় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীর কক্ষ ভাঙচুর করে এবং কক্ষের আসবাবপত্র বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্ররা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করে।রাত ১২টার দিকে পুলিশ কয়েকটি ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে শহিদুল ইসলাম, ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বগুড়ার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হান্নান জানান, জরুরি কাজের কারণে রাতে ওই এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। বুধবার রাতেই পিডিবির বগুড়ার সহকারী প্রকৌশলী ফরিদুল হাসান সদর থানায় মামলা করেছেন। বগুড়া সদর থানার উপপরিদর্শক মঞ্জুরুল হক জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে চার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।