লোডশেডিংয়ের প্রতিবাদে ভাঙচুর
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ, কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শনকালে বিক্ষোভকারীরা দেবীদ্বারে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষুব্ধ জনতা রাত নয়টা পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং সড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-১-এর দেবীদ্বার কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম জাহিদুল ইসলাম বলেন, দেবীদ্বারে বিদ্যুতের চাহিদা ৯ দশমিক ৫ মেগাওয়াট, সরবরাহ হচ্ছে মাত্র ৪ মেগাওয়াট। লোডশেডিং তো থাকবেই। এদিকে রাত নয়টায় বিদ্যুৎসংযোগ পাওয়ার পর অবরোধ তুলে নেয় জনতা।