লোডশেডিংয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল বুধবার লোডশেডিংয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক স্কুলছাত্রকে আটক করে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লোডশেডিংয়ের প্রতিবাদে গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে মাইকিং করে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল সকাল নয়টা থেকেই এলাকাবাসী খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি, জামালদী বাসস্ট্যান্ড, ভাটেরচর বাসস্ট্যান্ড ও আনারপুরা পয়েন্টে অবস্থান নিতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের চারটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে তারা অবরোধ সৃষ্টি করে।বালুয়াকান্দি পয়েন্টে অবরোধকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন সামান্য আহত হয়। এ সময় অবরোধকারীরা মহাসড়কে কয়েকটি যানবাহনের জানালার কাচ ভাঙচুর করে। ভাঙচুরের সময় মো. রিপনকে আটক করে পুলিশ।দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া ঘটনাস্থলে পৌঁছে লোডশেডিং কমানোর আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রায় দেড় ঘণ্টা চলা এই অবরোধের সময় মহাসড়কের উভয় দিকে শত শত গাড়ি আটকা পড়ে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গজারিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, দু্ই সপ্তাহের মধ্যে লোডশেডিং অনেক কমবে।গজারিয়া থানার (ওসি) আরজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় এক স্কুলছাত্রকে আটক করা হয়েছে।