লোডশেডিংয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত তাঁরা এই অবরোধ করেন। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে প্রায় ১০-১৫ বার ক্যাম্পাসে লোডশেডিং হয়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে বিভিন্ন হলের অর্ধশতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হন। পরে তাঁরা লোডশেডিংয়ের প্রতিবাদে মূল ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। রাত ১১টা পর্যন্ত তাঁরা এই অবরোধ অব্যাহত রাখেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাঁরা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে চলে যান। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর মো. আক্কাস আলী বলেন, শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। তাঁদের বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে জানালে তাঁরা সেখান থেকে চলে যান।