লোডশেডিংয়ের প্রভাব পড়েছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট আয়োজিত নাট্য উত্সবে যোগ দিতে এসেছিলেন দেশ-বিদেশের নাট্যব্যক্তিত্বরা। তাঁদের আমন্ত্রণ করে নেওয়া হয় মহিলা সমিতি মিলনায়তনে। উদ্দেশ্য বাংলাদেশের মঞ্চ নাটকের ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটানো এবং চৈত্রসংক্রান্তির আয়োজন দেখানো। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগেভাগে সব আলো নিভে গেল। পরের সব আয়োজন চলল মোমবাতির আলোয়।লোডশেডিংয়ের এমন প্রভাব পড়ছে রাজধানীর প্রায় সাংস্কৃতিক সব অঙ্গনে। অডিও বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন অ্যালবাম বাজারে ছাড়ার সময় নির্ধারণ করতে পারছে না। স্টুডিওতে অ্যালবামের কাজে ব্যাঘাত ঘটছে। একই চিত্র রাজধানীর সিনেমা হলগুলোতে। গরমের মধ্যেও হলগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ-ব্যবস্থা চালু রাখা যাচ্ছে না। প্রদর্শনীর সময়ে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে।দেশে ঈদকে কেন্দ্র করে সর্বাধিক নতুন গানের অ্যালবাম প্রকাশিত হয়। নতুন গানের অ্যালবামগুলোর কাজ হয় এ সময়টাতে। অডিও শিল্প পুরোপুরি নির্ভর করে বিদ্যুতের ওপর। সংগীত আয়োজন, কণ্ঠধারণ থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম তৈরির পুরো কাজটি বিদ্যুত্চালিত যন্ত্রের সাহায্যে করা হয়। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকার কারণে এই কাজ থেমে থাকছে।মগবাজারের রেকর্ডিং স্টুডিও শ্রুতিতে নিয়মিত কাজ করেন সুরকার আলাউদ্দিন আলী। তিনি জানান, একটি গানের কাজ করতে গেলে কম করে হলেও দুবার বিদ্যুৎ চলে যায়। মালিবাগ, মগবাজার ও ইস্কাটন এলাকায় সাসটেইন, টোন এন টিউন, পিওর সাউন্ড, প্রমিক্স, তান এবং শ্রুতি স্টুডিওতে গিয়ে প্রায় একই দৃশ্য চোখে পড়ে। স্টুডিওগুলোতে এখন জেনারেটরের ব্যবস্থা করা হলেও বেশির ভাগ সময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।বারিধারার গানচিল রেকর্ডিং স্টুডিওর আরিফ জানালেন, নিজেদের জেনারেটরে স্টুডিও চালালে ব্যয় বেড়ে যায়। তিনি বলেন, ‘বছরের এই সময় আমাদের ব্যস্ততা বেশি থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতি অডিওর কাজের অন্তরায়। সু্বডিও সাউন্ডপ্রুফ হওয়ায় এসি ছাড়া কাজও করা যায় না।’স্টুডিওগুলোর মতো একই দৃশ্য দেখা গেছে ক্যাসেট ও সিডি কপিয়ার প্রতিষ্ঠানগুলোতেও। ফকিরাপুল, পল্টন, জিন্দাবাজার প্রভৃতি এলাকার প্রচ্ছদ ডিজাইন তৈরির গ্রাফিক্স হাউস ও প্রেসের চিত্রও ব্যতিক্রম নয়। প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের খালিদ হোসেন ভূঁইয়া জানান, ইউপিএসের ওপর নির্ভর করে কাজ করতে হচ্ছে এখন। কিন্তু আনুষঙ্গিক অন্য বিষয়গুলোর কারণে পিছিয়ে পড়তে হচ্ছে। তিনি বলেন, প্রচ্ছদ কিংবা প্রচারপত্র ছাপানোর কাজে বিদ্যুতের বিকল্প নেই। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জনসংযোগ কর্মকর্তা ইমরান রবিন জানান, গত সপ্তাহে একটি অ্যালবামের প্রচ্ছদের ১০ মিনিটের কাজ তিনি দুই ঘণ্টায়ও করতে পারেননি।সম্প্রতি রাজধানীর পল্টন এলাকার জোনাকী, কাকরাইলের রাজমণি, মতিঝিলের মধুমিতা, কারওয়ান বাজারের পূর্ণিমা সিনেমা হলসহ বেশ কয়েকটি সিনেমা হলে সরেজমিন দেখা গেছে, সেখানে দিনের প্রদর্শনীগুলোতে দর্শক সমাগম অপেক্ষাকৃত কম। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট হলগুলোর প্রতিনিধিরা লোডশেডিংয়ের কথা উল্লেখ করেছেন।হাটখোলা রোডের অভিসার সিনেমা হলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, সারা দিনই শো চলাকালে বিদ্যুৎ চলে যায়। এ জন্য দর্শকের কটু কথা শুনতে হয়। তিনি জানান, জেনারেটর দিয়ে ছবি চালালে ব্যয় অনেক বেড়ে যায়, যে কারণে ছবি প্রদর্শন করে মালিকেরা লোকসানই গুনছেন।নাটকপাড়ার চিত্রও একই। বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে সন্ধ্যায় নাটক মঞ্চায়নের সময় বেশ কয়েকবার লোডশেডিং হয় বলে জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকবার বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম যেন অন্তত সন্ধ্যা সাতটা থেকে ১০টা পর্যন্ত নাটক সরণিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে।’