কক্সবাজারের টেকনাফে পূর্ণিমার জোয়ারে লোনা জল প্রবেশ করে বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে পলি জমে নষ্ট হওয়ার পাশাপাশি ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার পানিবন্দী অবস্থায় রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ।কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বৃদ্ধি পেয়ে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়। গতকাল শনিবার কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, পূর্ণিমার জোয়ারের পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাঁটুপানি পেরিয়ে স্কুল-কলেজে যেতে দেখা গেছে। পৌরসভার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. ইছাহাক বলেন, ‘এলাকায় কোমরসমান জোয়ারের লোনা পানি জমে থাকায় স্কুল, মাদ্রাসা ও পাকা ভবনের স্থায়িত্ব নষ্ট হচ্ছে।’শাহপরীর দ্বীপের ফরিদ আলম বলেন, ‘দিনের বেলায় জোয়ার হলে কোনোমতে সামলানো যায়। কিন্তু রাতে জোয়ার হওয়ায় সন্ধ্যার আগে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়।’ টেকনাফের মৌলভীপাড়ার বাসিন্দা কৃষক ছৈয়দ আলম বলেন, বেড়িবাঁধ নির্মাণ করে জোয়ার ঠেকানোর কোনো ব্যবস্থা কি সরকার নিতে পারে না? টেকনাফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুলতানা ইয়াসমিন বলেন, জোয়ারের পানি পেরিয়ে স্কুলে যেতে শরীরের বিভিন্ন স্থানে চর্মরোগ দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পূর্ণিমার জোয়ারের পানিতে উপজেলার ৩২ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের লোনা জল প্রবেশ করে বেড়িবাঁধসংলগ্ন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এসব এলাকার অসংখ্য দালানকোঠা, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি, আমন ধানের চারা ও চিংড়ির ঘের পানিতে ডুবে গেছে। পাউবো টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ২২ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও প্রধান প্রকৌশলীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে টেকসই বাঁধ নির্মাণের নকশা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। নকশার কাজ চলছে কিছুদিনের মধ্যে শেষ করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম বলেন, পূর্ণিমার জোয়ারের পানিতে নাফ নদী ও সাগরসংলগ্ন এলাকার খোলা বেড়িবাঁধ দিয়ে লোনা জল প্রবেশ করে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।