লোনা পানিতে নষ্ট হচ্ছে কার্পেটিং, বাড়ছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোনা পানির কারণে টেকনাফ-কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপরিভাগ নষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা বেড়েই চলেছে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সড়কে বড় ধরনের পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে অন্তত আটজনের। বিভিন্ন সূত্রে জানা যায়, লবণবোঝাই ট্রাক থেকে লোনা পানি ঝরে সড়কের বিটুমিন (কার্পেটিং) নষ্ট হচ্ছে, সড়কে সৃষ্টি হচ্ছে গর্ত। সেই গর্ত আর লোনা পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে।৩ ফেব্রুয়ারি টেকনাফের বরইতলি এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। একই দিন হ্নীলা থেকে টেকনাফগামী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে মারা যায় আরেকজন। ৫ ফেব্রুয়ারি সকালে মহাসড়কের মুয়াইখ্যাঘোনা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শফিউল আলম (৪৫) এবং একই এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাইভেট কারের চাপায় আবদুর রশিদ (২২) নামের দুজনের মৃত্যু হয়। পরের দিন ৬ ফেব্রুয়ারি টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং এলাকায় গাড়ির নিচে রিকশা চাপা পড়ে লাল মিয়া (২৮) নামের একজন মারা যান। এ ছাড়া ১ জানুয়ারি টেকনাফ-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভাংগারমুখে বাসচাপায় এক স্কুলছাত্র ও টেকনাফ-কক্সবাজার সড়কের জাফর মিয়ার হাড়ি এলাকায় জিপ গাড়ি উল্টে গিয়ে দুজনের মৃত্যু হয়।জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম সাইদী জানান, এর বাইরে গত দুই মাসে পুরো জেলায় অর্ধশতাধিক দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসন একাধিকবার সিদ্ধান্ত নিয়েও পলিথিন মুড়িয়ে লবণ পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। তাই লবণের পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় এ সড়কে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটারের বেশি গতিতে যানবাহন চালানো যাচ্ছে না। ফলে যাত্রীদেরও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানতে চাইলে জেলা প্রশাসক মো. জয়নুল বারী প্রথম আলোকে বলেন, ‘পলিথিন মুড়িয়ে ট্রাকে লবণ পরিবহনের নিয়ম থাকলেও অনেকে তা অমান্য করছেন। তাই নিজ নিজ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, বিষয়টি নিশ্চিত করতে সড়কে একাধিক সরকারি বাহিনীর তল্লাশি কেন্দ্র স্থাপন করা হয়েছে। তার পরও কেন তা কার্যকর হচ্ছে না, তা খতিয়ে দেখা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা, রঙ্গিখালী, জাদীমুরা, দমদমিয়া, সাবরাং, নয়াপাড়া, শাহপরীর দ্বীপসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন ২০-৩০টি লবণবোঝাই ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করে। এসব ট্রাক থেকে রাস্তায় লোনা পানি ঝরে পড়ে। লোনা পানি ও কুয়াশার সংমিশ্রণে সড়কের ওই অংশ মুহূর্তে পিচ্ছিল হয়ে যায়।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতিদিন কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে পলিথিনবিহীন তিন শতাধিক ট্রাক হাজার হাজার মণ লবণ পরিবহন করে। এতে লবণ পানি ঝড়ে সড়ক নষ্ট হচ্ছে। তবে ট্রাকের নিচে পলিথিন বিছিয়ে তার ওপর লবণ বোঝাই করলে সড়কের ওপর মোটেও পানি পড়ে না। যোগাযোগ করা হলে সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, লোনা পানির কারণে টেকনাফ থেকে চুনতি ও পুরো জেলায় প্রায় ৩০০ কিলোমিটার সড়কের মারাত্মক ক্ষতি হচ্ছে। লোনা পানি জমে সড়কের বিটুমিন নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচলে সেই গর্ত বড় আকার ধারণ করে ঘটছে দুর্ঘটনা।